আগাম জামিনের আসামিকে কারাগারে প্রেরণ

শরীয়তপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তলব

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৪:৩০

ছিনতাইয়ের মামলায় আগাম জামিনের আসামিদের কারাগারে পাঠানোর ঘটনায় শরীয়তপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল ইমরানকে তলব করেছে হাইকোর্ট। আগামী ২০ আগস্ট তাকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত ম্যাজিস্ট্রেট আদালতের নথি পর্যালোচনা করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এই আদেশ দেন।

এর আগে তলব আদেশে হাইকোর্টে হাজির হয়েছিলেন শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সালেহুজ্জামান। কিন্তু তিনি আগাম জামিনের আসামিদের কারাগারে পাঠানোর কোনো আদেশ দেননি। পরে তাকে হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে ম্যাজিস্ট্রেট আদালতের নথি তলব করে হাইকোর্ট। ঐ নথি পর্যালোচনা করে দেখতে পাওয়া যায় যে, আগাম জামিনে থাকা আসামিদের কারাগারে পাঠিয়েছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান। এরপরই হাইকোর্ট তাকে তলবের আদেশ দেন বলে জানান আসামি পক্ষের কৌঁসুলি মোহাম্মদ মজিবুর রহমান।

প্রসঙ্গত ২১ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে পদ্মা সেতু দক্ষিণ থানায় করা মামলায় গত ২৯ মে আসামিকে আগাম জামিন দেয় হাইকোর্ট। আগাম জামিন সংক্রান্ত ল’ ইয়ার্স সার্টিফিকেট দেখানোর পরেও তাদের গ্রেফতার করে পুলিশ। পরদিন তাদেরকে আদালতে হাজির করলে কারাগারে পাঠানোর আদেশ দেয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এ নিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে ৪ জুন তাদের জামিন মঞ্জুর করে আদালত। এই মামলায় আসামিদের কাছ থেকে ৭২ লাখ টাকা চাঁদা দাবিরও অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। এ নিয়ে প্রাথমিক অনুসন্ধানের পর সংশ্লিষ্ট থানার ওসি ও এক অতিরিক্ত পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ প্রশাসন।

ইত্তেফাক/এমএএম