গ্লোবাল বক্স অফিসে রাজত্ব এখন ‘বার্বি’র

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৫:২৫

হলিউডের বহুল আলোচিত সিনেমা ‘বার্বি’ মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে। দর্শক থেকে সমালোচক, সব মহলেই প্রশংসিত হচ্ছে ‘বার্বি’। একজন একক নারী পরিচালক হিসাবে গ্রেটা গেরভিগের ‘বার্বি’ বক্স অফিসে একশ কোটি ডলারের ব্যবসা করলো। যা কিনা রেকর্ড গ্রেটার। 

দি গার্ডিয়ান এবং বিবিসির প্রতিবেদন অনুযায়ী গ্লোবাল বক্স অফিসে টানা রাজত্ব ধরে রেখেছে সিনেমাটি। মুক্তির ১৭ দিনে বিশ্বব্যাপী একশ কোটি ডলার আয়ের মাইলফলক অর্জন করেছে ‘বার্বি’ সিনেমা। তার মধ্যে ৫৪ কোটি ডলারের টিকিট বিক্রি হয়েছে আমেরিকা ও কানাডায়। বাকিটা বিশ্বের অন্য দেশে। পরিচালক গ্রেটা গারউইগ তার ‘বার্বি’র মাধ্যমে কল্পনার গোলাপি জগতে দর্শকদের একটি আশ্চর্যজনক ভ্রমণে নিয়ে গেছেন। 

সিনেমাটি পরিবেশনার দায়িত্বে থাকা সংস্থার পক্ষ থেকে জেফ গোল্ডস্টেইন ও অ্যান্ডু ক্রিসপ বলেন, আমরা অবাক হয়েছি। সিনেমাটি এরকম সাফল্য পাবে এমন আশা কেউ করেনি।

বক্স অফিসে বার্বির প্রতিদ্বন্দ্বী ছিল ক্রিস্টোফার নোলানের বায়োপিক ওপেনহাইমার। সবমিলিয়ে ৭৭ কোটি ডলারের ব্যবসা করেছে ওপেনহাইমার। ফলে তাকে অনেকটাই পিছনে ফেলেছে ‘বার্বি’। একশ কোটি ডলার মানে বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার আটশ কোটি টাকা। ভারতীয় মুদ্রায় আট হাজার দুইশ কোটি টাকা। 

গ্রেটা তার নারীবাদী চিন্তাভাবনার জন্য পরিচিত। তার আগের সিনেমায় তার নারীকেন্দ্রিক চিন্তাভাবনা রয়েছে। তার এই সিনেমার কেন্দ্রে আছে দুইটি পুতুল, যারা বার্বিল্যান্ড চেড়ে আসল দুনিয়ায় প্রবেশ করে। 

এ সিনেমায় অনবদ্য অভিনয় করেছেন মার্গট রবি এবং রায়ান গসলিং। আরো রয়েছেন এমা ম্যাকায়, উইল ফেরেল, সিমু লিও, কেট ম্যাককিনন প্রমুখ। সেই সাথে সিনেমাটির সংগীতও ইউকে মিউজিক চার্ট জয় করেছে।

ইত্তেফাক/পিএস