‘কমিউটার এক্সপ্রেস’ ট্রেনের পাওয়ার কারের ডিজেল চুরি করে বিক্রির অপরাধে হেলাল উদ্দিন (৩৭) নামে একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় দফতরের বৈদ্যুতিক কার্যালয় থেকে কন্ট্রোল অর্ডারের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন।
শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) হারুন-অর রশীদকে আহবায়ক করে দুই সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। অপর দুই সদস্য হলেন, পাকশী বিভাগীয় রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডেন্ট আরিফুল ইসলাম আরিফ ও পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী একেএম সালেহ আকরাম।
জানা যায়, রোববার রাত সোয়া ৮ টায় রাজশাহী থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী যাত্রীবাহী আন্তঃনগর ‘কমিউটার এক্সপ্রেস’ ট্রেন আজিমনগর স্টেশনে পৌঁছালে ট্রেনের পাওয়ার কার থেকে বোতলে করে ৪৫ লিটার ডিজেল তেল চুরি করে। পরে এসব তেল বিক্রির সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) রাজশাহীর গোয়েন্দা শাখার সদস্যরা পাওয়ার কারের ড্রাইভার হেলাল উদ্দিনসহ তেল পাচারকারী এক চোরকে আটক করে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ওসি ফিরোজ হোসেন বলেন, রোববার রাতে আন্তঃনগর কমিউটার এক্সপ্রেস ট্রেনের ৪৫ লিটার ডিজেল তেল চুরি করে বিক্রির সময় পাওয়ার কারের ড্রাইভারসহ ক্রেতাকে হাতেনাতে আটক করা হয়। ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানায় তাদের নামে মামলা হয়েছে।
ঈশ্বরদী জিআরপি থানার ওসি হারুনুজ্জামান রোমেল বলেন, চুরি করে তেল বিক্রির ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার সদস্যরা বাদী হয়ে অভিযোগ দিয়েছেন। সোমবার সকালে গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
