সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে ভাঙচুরের মামলায় বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ ১৪ আইনজীবীকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একই মামলার অপর চার আইনজীবীকে ছয় সপ্তাহের মধ্যে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৭ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম এ আদেশ দেন।
জামিনপ্রাপ্ত আইনজীবীরা হলেন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা গাজী কামরুল ইসলাম সজল, মো. সাগর হোসেন, মো. রেজাউল করিম রেজা, মাহবুবুর রহমান খান, রবিউল আলম সৈকত, মো. নজরুল ইসলাম ছোটন, রেদোয়ান আহমেদ রানজিদ, মো. মাহমুদ হাসান, মো. কামাল হোসেন, মো. আনিসুর রহমান ও খালেদ মাহমুদুর রহমান আদনান।
এছাড়া আইনজীবী কাজী মোস্তাফিজুর রহমান আহাদ, নূরে আলম সিদ্দিকী সোহাগ, মো. কাইয়ুম ও মো. উজ্জল হোসেনকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
হাইকোর্ট বলেন, এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় আগাম জামিন দেওয়া হলো না। এ সময় আইনজীবী জয়নুল আবেদীন বলেন, আইনজীবীদের নিয়ে দুই ধরনের আদেশ না দিলেই আমাদের জন্য মঙ্গল হত। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। তখন হাইকোর্ট বলেন, আদেশ পরিবর্তন হবে না।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাজধানী শাহবাগ থানায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সহকারী সুপারিনটেনডেন্ট মো. রফিকউল্লাহ বাদী হয়ে এ মামলা করেন। তবে ওই ঘটনায় বিএনপিপন্থী আইনজীবীরা মামলা করতে গেলে পুলিশ তা নেয়নি বলে অভিযোগ আইনজীবীদের।
