যশোরে চাঁদাবাজির অভিযোগে ওসিসহ চারজনের নামে আদালতে মামলা

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ২১:৩৩

চাঁদাবাজির অভিযোগে রাজবাড়ির গোয়ালন্দঘাট থানার ওসি ও এসআইসহ ৪ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার (৯ আগস্ট) দুপুরে যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইমরান হুসাইন নামে এক ব্যবসায়ী মামলাটি করেন।

আসামিরা হলেন, গোয়ালন্দ থানা পুলিশের ওসি স্বপন কুমার, এসআই মনিরুল ইসলাম এবং পুলিশের কথিত সোর্স গোয়ালন্দঘাটের উত্তর দৌলতদিয়া গ্রামের মালেক মোল্লার ছেলে সোহেল ও সাহজুদ্দিন ব্যাপারীপাড়ার মৃত সিদ্দিক শেখের ছেলে ইয়াসিন শেখ।

মামলা সূত্রে জানা যায়,নদীপথে ইমরান হুসাইন তার ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পরিবহন করা হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে দৌলতদিয়া ফেরিঘাটে তার ব্যবসা প্রতিষ্ঠানের একটি শাখা অফিস স্থাপন করেন। এর কিছুদিন পর গোয়ালন্দঘাট থানা পুলিশের ওসি স্বপন কুমার ও এসআই মনিরুল ইসলাম তাদের কথিত সোর্স সোহেল ও ইয়াসিন শেখের মাধ্যমে তাকে ফেরিঘাট পুলিশ বক্সে ডেকে নিয়ে যান। সেখানে ওসি ও এসআই তাকে বলেন, এখানে ব্যবসা করতে হলে তাদের চাঁদা দিতে হবে। নতুবা তাকে বিভিন্ন মামলায় ঢুকিয়ে নাজেহাল করা হবে। 

ফলে বাধ্য হয়ে ইমরান হুসাইন ব্যবসা পরিচালনার জন্য ওই বছরের ১০ মার্চ চাঁদা হিসেবে ওসিকে ২১ হাজার টাকা দিয়ে একটি ও এসআইকে ১৮ হাজার টাকা দিয়ে একটি মোবাইল কিনে দেন। এছাড়া ওসি ও এসআইর দাবি অনুযায়ী একই বছরের ২৮ এপ্রিল ৩৮ হাজার টাকা দিয়ে ৪ কার্টন খেজুর এবং সাড়ে ১৩ হাজার টাকা দিয়ে ১৫টি পাঞ্জাবি কিনে দেন। পরে তারা আবারও সোর্স সোহেল ও ইয়াসিন শেখের মাধ্যমে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় তাকে নানাভাবে হুমকি দেওয়া হয়। উপায় না পেয়ে ওসি স্বপন কুমারকে ১ লাখ এবং এসআই মনিরুল ইসলামকে ১ লাখ ৭০ হাজার টাকা চাঁদা দেন।

পরবর্তীতে চাঁদার বাকি টাকার জন্য তারা ইমরান হুসাইনকে ধারাবাহিক হুমকি দিতে থাকেন। একপর্যায়ে ইমরান হুসাইন গোয়ালন্দঘাটের অফিসটি বন্ধ করে দেন। তারপরও চাঁদার জন্য তাকে অব্যাহত হুমকি দেওয়ায় গত ২৫ মে ইমরান হোসেন ঢাকা রেঞ্জ ডিআইজি ও রাজবাড়ি পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন। গত ২৮ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দফতর বরাবরও লিখিত অভিযোগ দেন।

বিভিন্ন দফতরে অভিযোগ দেওয়ায় কারণে তার ওপর আরও ক্ষিপ্ত হন ওসি স্বপন কুমার ও এসআই মনিরুল ইসলাম। তারা চাঁদার বাকি ৭ লাখ ৩০ হাজার টাকার জন্য সোর্স সোহেল ও ইয়াসিন শেখের মাধ্যমে ব্যবসায়ী ইমরান হুসাইনকে প্রাণনাশের হুমকি দেন।

বাদীর আইনজীবী জিএম কামরুজ্জামান ভুট্টো বলেন, বিচারক অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে আদেশ দিয়েছেন। 

ইত্তেফাক/এবি