বাংলা নববর্ষ ১৪৩০-এর প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে বুদ্ধিপ্রতিবন্ধী আমিনুলের আঁকা ছবি স্থান পেয়েছে। এজন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাকে ১ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।
রোববার সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির উক্ত চেক আমিনুলের হাতে তুলে দেন। চেক প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, এডিএম বিষ্ণুপদ পাল, এনডিসি আব্দুল্লাহ আল আমিন, সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা নাজমা আক্তার, সহকারী শিক্ষিকা রুমা রানী বরকন্দাজ, আমিনুলের মা রোকেয়া বেগমসহ প্রশাসনের অন্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, আমিনুল জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সাতক্ষীরার সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী। তার রয়েছে ছবি আঁকায় চমত্কার প্রতিভা। ইতিপূর্বে সে জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারিভাবে অনুষ্ঠিত বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম হওয়ার গৌরব অর্জন করে। এই বিশাল গৌরব অর্জনের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী আমিনুলকে অভিনন্দন জানানো হয়।
