দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। চলতি মাসের শেষের দিকেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্টটি, এরপরই বিশ্বকাপ। দুটি টুর্নামেন্টই অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে। আর এই আসরকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট দলের পরিকল্পনা ভালোই ছিল। স্বপ্ন বুনেছিল বড় সাফল্য অর্জনেরও তবে গেল এক মাসে সব কিছু যেন কেমন এলোমেলো হয়ে গেছে। এখন দল গোছানোর আগে বোর্ডের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে এই ফরম্যাটে দলের অধিনায়কের দায়িত্ব কার কাঁধে তুলে দেওয়া যায় এই বিষয়টি। নতুন অধিনায়ক ঠিক করতে আজ দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে এক জরুরি সভা করবে ক্রিকেট বোর্ড।
এর আগে গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন টাইগার ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল হঠাৎ অবসরের ঘোষণা দেন। যদিও ২৮ ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তামিম নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন। তারপর চিকিৎসা নিয়ে লন্ডন থেকে ৩১ জুলাই দেশে ফিরেছেন। বিসিবি সভাপতি ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে বৈঠকও করেন ৩ আগস্ট। বৈঠক শেষে স্বেচ্ছায় অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান দলের অভিজ্ঞ এই ওপেনার।
এ সময় তামিম জানান, আসন্ন এশিয়া কাপেও খেলবেন না তিনি। মাঠে ফিরবেন বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজের মাধ্যমে। তামিমের এমন সিদ্ধান্তের পরই নতুন অধিনায়ক বেছে নিতে তৎপর হয়েছে বিসিবি। যার ফলে মঙ্গলবারের এই জরুরি সভা।
এদিকে শোনা যাচ্ছে টাইগারদের ওয়ানডে ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব উঠতে যাচ্ছে টেস্ট ও টি-টোয়েন্টির নেতৃত্ব থাকা সাকিব আল হাসানের কাঁধে। বিশ্বসেরা এ অলরাউন্ডারকে দলের নেতা হিসেবে পছন্দ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ও বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের। তবে তার আগে সাকিবের চিন্তা ভাবনা ও পরিকল্পনা জেনেই পরবর্তী সিদ্ধান্ত নিতে চায় বোর্ড।
