দুর্নীতির অভিযোগে সোহাগকে দুদকের জিজ্ঞাসাবাদ

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৪:৫৪

দুর্নীতির দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে সব ধরণের ফুটবল কার্যক্রম থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। পরে বাফুফেও তদন্ত করে তাকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করে। এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদের সামনে পড়েছেন সোহাগ।   

আজ মঙ্গলবার (৮ আগস্ট) দুদকের উপ-পরিচালক ইয়াসির আরাফাতের নেতৃত্বাধীন একটি দল নিষিদ্ধ ঘোষিত বাফুফের সাবেক সাধারণ সম্পাদক সোহাগকে জিজ্ঞাসাবাদ করে। 

গত ১৪ এপ্রিল জালিয়াতি এবং মিথ্যাচারসহ ফিফার অন্তত চারটি আইন লঙ্ঘন করায় সোহাগকে দুই বছরের জন্য সব ধরণের ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করে ফিফা।  

এরপরই বাফুফে নিজস্ব তদন্ত কমিটি করে আরও বিশদ তদন্তের জন্য। তদন্ত শেষে গত ৩০ জুলাই তদন্ত প্রতিবেদন জমা দিয়ে সোহাগকে আজীবন নিষিদ্ধের সুপারিশ করে তদন্ত কমিটি। 

এছাড়া গত মে মাসেই হাইকোর্টের নির্দেশে বাফুফেকে সরকার প্রদত্ত অর্থ নিয়ে দুর্নীতি, অর্থ পাচার, অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। তারই পরিপ্রেক্ষিতে এবার সোহাগকে জিজ্ঞাসাবাদ করা হয় দুদকের পক্ষ থেকে। এছাড়া দুদকের অনুসন্ধানের তালিকায় বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন ও সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর নামও রয়েছে।

ইত্তেফাক/এসএস