রাজধানীর মোহাম্মদপুর শাহজালাল হাউজিং এলাকায় অবৈধ কয়েকটি ভবনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ( রাজউক) উচ্ছেদ অভিযান চালায়। এ সময় নকশা বহির্ভূত কয়েকটি ভবনে বর্ধিতাংশ অপসারণসহ চার লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৮ আগস্ট) রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরার পরিচালনায় সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুরে অভিযান শেষ হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ৫/১ এর আওতাধীন মোহাম্মদপুর শাহজালাল হাউজিং এলাকায় রাজউক নকশা বহির্ভূত ও অবৈধ দখলে আছে এমন সব ভবনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
শারমিন আরা জানান, আজকের রাজউকের অভিযানে নকশা বহির্ভূত কয়েকটি ভবনের বর্ধিতাংশ অপসারণসহ ২ ভবনে দুই লাখ করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে অন্যরা যেন পরবর্তীতে অনুমোদন করা নকশা ব্যত্যয় করে ভবন নির্মাণ না করে সেই বার্তা দেওয়া হয়।
স্থানীয়রা জানায়, এই এলাকায় আগেও মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। রাজউকের নকশা বহির্ভূত ভবন নির্মাণ না করার জন্য বিভিন্ন ধরনের লিফলেট এবং মাইকিং এর মাধ্যমে জানানো হয়েছে ।
মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অথরাইজড অফিসার আবদুল্লাহ আল মামুন, প্রধান ইমারত পরিদর্শক ফাত্তাহ্, ইমারত পরিদর্শক মোসাঃ রুপা খাতুনসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা।
