টাঙ্গাইলে জোড়া খুন: আরও ৩ জন গ্রেপ্তার

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৮:১৪

টাঙ্গাইলের সখীপুরে আলোচিত জোড়া খুনের ঘটনায় আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ (গোয়েন্দা পুলিশ)। সোমবার (৭ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ওই মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা করা হয়েছে। 

এর আগে গত ৪ আগস্ট হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মোস্তফা কামাল (২৩) কে ঢাকার মোহাম্মদপুর থেকে এবং তার সহযোগী আল আমীন (২৪) কে সখীপুর থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪ এর সদস্যরা।
মঙ্গলবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল ডিবি দক্ষিণের উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) নাফিউল ইসলাম। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি বাংলাবাজার এলাকার ছাকেদ আলীর ছেলে আবদুর রহমান ওরফে রকমান (৪৫), ছুটু মিয়ার ছেলে আয়নাল হক (৪০) এবং গিয়াস উদ্দিনের ছেলে মজিবর রহমান (৫৫)।
 
মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) নাফিউল ইসলাম বলেন, জোড়া হত্যা মামলায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তারকৃত আল আমীন ও মোস্তফা কামাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

উল্লেখ্য, গত ১৯ জুলাই দিবাগত রাতে উপজেলার কাকড়জান ইউনিয়নের বাঘেরবাড়ি বাংলাবাজার এলাকার আবুল হোসেনের ছেলে ব্যবসায়ী শাহজালাল (৩৫) ও নবু মিয়ার ছেলে কৃষক মজনু মিয়াকে (৪৫) হত্যা করে সড়কে লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। নিহতদের ব্যবহৃত মোটরসাইকেলটি লাশের পাশেই পড়েছিল। পরের দিন সকালে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এ ঘটনায় নিহত শাহজালালের বাবা আবুল হোসেন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সখীপুর থানায় মামলা করেন।

ইত্তেফাক/পিও