চার শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ২২:২৭

সাভারের কাউন্দিয়া এলাকায় একটি মাদ্রাসার চার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানাধীন কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল আমিন হাওলাদার। 

গ্রেপ্তারকৃত শিক্ষক হাফেজ শামীম (২১) নড়াইল জেলার লোহাগড়া থানার লাহুড়িয়া গ্রামের মো. মাসুদের ছেলে। সে সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের বাকসাত্রা গ্রামের ‘আজিজুল উলুম কাউন্দিয়া মডেল মাদরাসা’র শিক্ষক ছিলেন। 

সম্প্রতি তাকে এই মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত কয়েক মাস ধরে চার শিক্ষার্থীকে মাদরাসার ভিতরে বলাৎকার করে আসছিলেন অভিযুক্ত শিক্ষক। পরে ভুক্তভোগী শিশুরা তাদের পরিবারকে বিষয়টি জানালে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন এক শিশুর পরিবার। 

জানা যায়, নির্যাতনের শিকার শিশুদের বয়স ৯ থেকে ১০ বছর। বিভিন্ন সময়ে তাদেরকে মারধর ও হত্যার ভয় দেখিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে যৌন নির্যাতন করতেন মাদ্রাসার শিক্ষক শামীম। পরে এ ঘটনায় এক শিশু শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের কাছে বিষয়টি খুলে বলে। এঘটনায় এক শিশুর পরিবার সাভার মডেল থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত শিক্ষক শামীমকে গ্রেপ্তার করা হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা ও কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল আমিন হাওলাদার বলেন, অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সে ২ দিনের রিমান্ডে আছে। বুধবার রিমান্ড শেষ হলে বাকি তথ্য জানানো যাবে।

সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, চার শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তবে প্রাথমিকভাবে জানতে পেরেছি এমন নির্যাতনের শিকার শিশু আরও রয়েছে। তাদের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। 

ইত্তেফাক/পিও