মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনমুক্ত হতে যাচ্ছে পিরোজপুরের কাউখালী উপজেলা। চতুর্থ পর্যায়ের (দ্বিতীয় ধাপে) কাউখালীতে আরও ১২৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে এই ঘরগুলো হস্তান্তর করা হবে।
বুধবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোর কাছে জমিসহ গৃহ দেওয়া কার্যক্রমের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী উদ্বোধনের পর ১২৫টি সুবিধাভোগী পরিবারদের মধ্যে এ ঘরগুলোর জমির দলিল ও চাবি হস্তান্তর করা হবে। এর আগে গত ২২মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পিরোজপুরের কাউখালী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করেন।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনসহ জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা।
প্রেস ব্রিফিং এ জানানো হয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় কাউখালী উপজেলায় এর আগে চারটি পর্যায়ে ৪৮০টি গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হয়েছে। চতুর্থ পর্যায়ে (২য় ধাপে) আরও ১২৫ পরিবারকে ঘর দেওয়া হবে। এতে গৃহহীনদের মুখে হাসি ফুটেছে।
