ভারী বর্ষণে ভাঙনের কবলে শতবর্ষীয় পিরোজপুরের সড়ক

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১০:৫২

পিরোজপুরের নাজিরপুরে ভারী বর্ষণে ঐতিহ্যবাহী শ্রীরামকাঠী বন্দর হতে আধাঝুড়ি সংযোগ সড়ক ভাঙন দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে খানা খন্দের সৃষ্টি হওয়ায় জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে।

এলাকাবাসী জানায়, রাস্তাটি দিয়ে পিরোজপুরের শিকদারমল্লিক পাচপাড়া, গনকপাড়া, জুসখোলাসহ নাজিরপুর উপজেলার পাজরাপাড়া, নৈলতলা, খেজুরতলা, চরখোলা, জয়পুর, শ্রীরামাকাঠী, ভীমকাঠী এলাকার হাজার হাজার মানুষ যাতায়াত করে। ভাঙনের ফলে তাদের যাতায়তে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শ্রীরামকাঠী বন্দরের কালিগঙ্গা নদী হতে বলেশ্বর নদী পর্যন্ত সংযোগ খালের তীরবর্তী রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এ দুর্ভোগ যেন শেষই হচ্ছে না। অথচ এ এলাকার কৃষি নির্ভর জনসাধারণকে প্রতিনিয়ত এ রাস্তা দিয়েই কৃষি সবজি ধান, চাল, নারিকেল, সুপারিসহ কৃষি পণ্য এলাকার বিভিন্ন হাটে বাজারে নিয়ে যেতে হয়, জীবিকার তাগিদে তাদের এখন তাদের যাতায়তের একমাত্র ভরসা নৌকা।

সড়কের দুপাশ ভেঙে নালায় পরিণত হয়েছে। ছবি: ইত্তেফাক

বর্ষা মৌসুমে খালের তীব্র স্রোতের কারণে শত বছরের পুরান রাস্তাটি ধীরে ধীরে খালে বিলিন হয়ে যাচ্ছে। আবার রাস্তার কোনো কোনো স্থানে এপাশ ওপাশ ভেঙে নালায় পরিণত হয়েছে। স্থানীয়রা নিজ উদ্যোগে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করে।

ব্যবসায়ী এস এম জাহিদ হক বলেন, রাস্তাটি শতবছরের পুরান,এখানেই আমাদের শৈশব থেকে বেড়ে ওঠা, রাস্তাটি পুরাতন হলেও সংস্কারের অভাবে আস্তে আস্তে খালে বিলিন হয়ে যাচ্ছে। বিশেষ করে বর্ষার মৌসুমে তীব্র স্রোতের কারণে রাস্তার পাশ ভেঙে যাচ্ছে। একের পর এক সরকার পরিবর্তন হলেও ভোটের সময় আমাদের প্রতিশ্রুতি দিলেও রাস্তাটির কোনো উন্নতি হচ্ছে না।

স্রোতের কারণে শত বছরের পুরান রাস্তাটি ধীরে ধীরে খালে বিলিন হয়ে যাচ্ছে। ছবি: ইত্তেফাক

এবিষয়ে উপজেলা নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন,রাস্তাটির প্রকল্প পাঠানো হয়েছে, তবে এখনও পাশ হয়নি,আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যাহাতে দ্রুত প্রকল্পটি পাশ করে কাজ বাস্তাবায়ন করে জনসাধারণের দুর্ভোগ লাঘব করা যায়।

ইত্তেফাক/আরএজে