জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির দ্বিতীয় মেধা তালিকার ভর্তি সম্পন্ন হয়েছে। দ্বিতীয় মেধা তালিকার ভর্তি শেষে বিশ্ববিদ্যালয়টিতে ১২৬টি আসন ফাঁকা রয়েছে।
বুধবার (৯ আগস্ট) বিষয়টি জানান সমন্বিত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য।
তিনি বলেন, পরীক্ষা-পরবর্তী দ্বিতীয় মেধা তালিকা থেকে ভর্তি শেষ হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত কোটা ছাড়া ২ হাজার ৬৩৯ এবং কোটাসহ মোট ২ হাজার ৮০৬ জন ভর্তি হয়েছেন। তবে কোন ইউনিটে (বিজ্ঞান, ব্যবসা, মানবিক) কতজন ভর্তি হয়েছেন সে ব্যাপারে কিছু জানাননি তিনি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ২ হাজার ৭৬৫টি। সে হিসেবে বিশ্ববিদ্যালয়টিতে এখনো ১২৬টি আসন ফাঁকা রয়েছে।
প্রসঙ্গত, গুচ্ছভুক্ত দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম মেধা তালিকার ভর্তি গত ২২ জুলাই শুরু হয়ে ২৬ জুলাই পর্যন্ত চলে।
