ডুরান্ড কাপ ফুটবল

আই লিগ চ্যাম্পিয়নের বিপক্ষে খেলবে আজ সেনাবাহিনী

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১০:৫১

বালিগঞ্জে কলকাতা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাবের বিশাল মাঠ। ১৭৯২ সালে প্রতিষ্ঠিত হয়। ফুটবল, ক্রিকেট, বেসবলসহ সব ধরনের খেলার ব্যবস্থা রয়েছে। চারদিকে গাছ। আছে সুইমিংপুল। দূরে রাখা আছে দুটি কামান। আছে ফ্লাডলাইট। ওয়াকওয়ে। মাঠ যেন সাজিয়ে তোলা হয়েছে। সবুজ ঘাসে ভরে গেছে মাঠে। ডুরান্ড কাপ ফুটবল টুর্নামেন্টে খেলতে এসে বালিগঞ্জের ২৩১ বছরের পুরোন কলকাতা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাবের মাঠে অনুশীলন করছে বাংলাদেশ সেনাবাহিনী। কড়া নিরাপত্তায় যাওয়া-আসা করছে টিম বাস।

টুর্নামেন্টে প্রথম ম্যাচটা ছিল মোহন বাগান সুপার জায়ান্টের বিপক্ষে। সেই প্রথম অনুশীলন আর এখনকার অনুশীলনে খেলোয়াড়দের মধ্যে ফারাক দেখা যায়। শরীরী ভাষা বদলে গেছে। খেলোয়াড়দের মধ্যে এখন আত্মবিশ্বাস আরো বেড়েছে। মোহান বাগানের বিপক্ষে প্রথম ম্যাচে ৫ গোলে হেরেছিল সেনাবাহিনী। আর তা দেখে ওখানাকার ফুটবলসংশ্লিষ্টরা হতাশার কথা শুনিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে ইস্ট বেঙ্গল ক্লাবের বিপক্ষে দারুণ খেলেছে সেনাবাহিনী। ২-০ গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ সেনাবাহিনী জয়তুল্য সেই মহামূল্যবান ড্রটাই এখন দলের সব খেলোয়াড়ের মধ্যে প্রেরণা দিচ্ছে। পাঞ্জাবের শক্ত দলের বিপক্ষেও ভালো খেলার জন্য সাহস উসকে দিচ্ছে।

আজকে সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনের মাঠে বাংলাদেশ সেনাবাহিনী গ্রুপের শেষ ম্যাচ খেলবে বর্তমান আই লিগ চ্যাম্পিয়ন পাঞ্জাব এফসির বিপক্ষে। এই পাঞ্জাব এফসি নতুন মৌসুমে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ আসর ইন্ডিয়ান সুপার লিগে খেলবে। ডুরান্ড কাপের প্রত্যেকটা গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে নকআউটে। ৬ গ্রুপ চ্যাম্পিয়ন এবং বেষ্ট রানার্সআপ দুই দল খেলার সুযোগ পাবে। ৮ দল নিয়ে কোয়ার্টার ফাইনাল। 

বাংলাদেশে সেনাবাহিনী ভাবছে, কীভাবে নিজেরা সেরা খেলাটা উপহার দেবে। গতকাল বিকালে অনুশীলন শেষে জাতীয় দলের সাবেক গোলরক্ষক আশারফুল ইসলাম রানা খেলোয়াড়দের বলছিলেন আত্মবিশ্বাস রাখতে। মাঠে কী মনোভাব নিয়ে খেলতে হবে, তা তুলে ধরছিলেন। সাবাই রানার কথা মনযোগ দিয়ে শুনছিলেন। কোনোভাবেই নামার আগেই আমরা যেন মানসিকভাবে পিছিয়ে না থাকি। খেলা শেষে স্কোর লাইন দেখব। তার আগে আমরা সেরাটা দেব-এ কথা বলেই এক চিৎকারে নিজেদের শক্ত অবস্থান জানান দিলেন ফুটবলাররা।

পাঞ্জাব এফসি নতুন দল। ২০২০ সালে শুরু। কিন্তু এরই মধ্যে তারা ভারতীয় ফুটবলে সাড়া জাগিয়েছে। ইউরোপিয়ান কোচিং স্টাফদের সঙ্গে বিদেশি ফুটবলার আছেন চার-পাঁচ জন। স্প্যানিশ ফুটবলার আছেন। এই দলটা শুরু থেকেই বিদেশি কোচনির্ভর। ডুরান্ড কাপে মোহন বাগানের কাছে হেরেছে। চার দলের মধ্যে এখনো সেনাবাহিনী ১ পয়েন্ট নিয়ে পাঞ্জাবের ওপরেই রয়েছে। বাংলাদেশ গ্রুপে সবচেয়ে বড় খেলাটাই হচ্ছে আগামী ১২ আগস্ট। ইমামি ইস্ট বেঙ্গল ক্লাব ও মোহন বাগান সুপার জায়ান্ট মুখোমুখি হবে। সেই ম্যাচেই বোঝা যাবে, বাংলাদেশ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। তার আগে পাঞ্জাবকে থামাতে চায় বাংলাদেশ সেনাবাহিনী। অনুশীলন দেখে এমনটাই মনে হয়েছে। সেটপিসগুলো কীভাবে কাজে লাগাবে, তা দেখিয়ে দিচ্ছিলেন হেড কোচ আব্দুর রাজ্জাক। সঙ্গে ছিলেন সহাকরী কোচ কবির আহমেদ।

ইত্তেফাক/এসএস