স্রোতে ভেসে যাওয়া নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১৪:৪৬

চট্টগ্রামের লোহাগাড়ায় ভারীবর্ষণ ও স্রোতের পানিতে ভেসে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে।  বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে সাতকানিয়া উপজেলার চিববাড়ি এলাকার ভাসমান অবস্থায় তার লাশটি উদ্ধার করে স্থানীয়রা।

মৃত আবদুল মাবুদ (৫০) উপজেলার আরিবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ চট্টলাপাড়ার মৃত রহিম বকসুর ছেলে।

আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এস এম ইউনুচ জানান, দুইদিন আগে বন্যার পানির স্রোতে পড়ে কৃষক আবদুল মাবুদ নিখোঁজ হন। পরে পরিবার ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধার পাননি। বৃহস্পতিবার সকালে সাতকানিয়া উপজেলার চিববাড়ী এলাকায় তার লাশ পাওয়া যায়।

মৃতের স্বজনরা জানান, গত দুদিন আগে বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটার সময় পানের স্রোতে পড়ে নিখোঁজ হন।

চলমান বন্যায় লোহাগাড়া উপজেলায় এ পর্যন্ত স্রোতের টানে ভেসে যাওয়া তিনজনের লাশ উদ্ধার এবং আরও একজন নিখোঁজ রয়েছেনে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মৃত তিনজনের বাড়ি উপজেলার আমিরাবাদ ইউনিয়নে। মৃত অন্যরা হলেন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের জনকল্যাণ এলাকার জুলফিকার আলী ভুট্টোর ছেলে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র জুনায়েদুল ইসলাম জারিফ ও একই ইউনিয়নের চট্টলা পাড়ার কালু মিয়ার ছেলে আসহাব উদ্দিন মিয়া। এখনো নিখোঁজ রয়েছে মোহাম্মদ সাকিব নামে আরও এক কলেজছাত্র।

ইত্তেফাক/আরএজে