লিটনের বিশ্বসেরা একাদশে সাকিব, নেই তামিম

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১৭:২২

বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সেরা ব্যাটার লিটন দাস। ক্যারিয়েরের শুরুতে খুব একটা ভালো করতে পারেননি। তবে ঠিকই নিজেকে মেলে ধরেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ইকবালের অধিনায়কত্ব ছাড়ার পর জাতীয় দলের অধিনায়ক হওয়ার দৌড়েও আছেন তিনি।

সদ্য কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলে দেশে ফিরেছেন লিটন। আজ (বৃহস্পতিবার) রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দেন এই টাইগার ক্রিকেটার। সেখানে লিটনের কাছে জানতে চাওয়া হয় তার নিজের বিশ্বসেরা একাদশ।

বিশ্বসেরা সেই একাদশ বানানোর আগে লিটনকে একটা শর্ত দেওয়া হয়। শর্তে বলা হয়, এই একাদশে লিটনের নিজেকে রাখতে হবে এবং অধিনায়ক থাকতে হবে। আর তাই বিশ্বসেরা একাদশে নিজেকে উইকেটরক্ষক ও অধিনায়কের ভূমিকায় রেখেছেন লিটন। এছাড়াও তার একাদশে জায়গা পেয়েছেন আরও একজন বাংলাদেশি ক্রিকেটার। তিনি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে লিটনের বিশ্বসেরা একাদশে জায়গা হয়নি ড্যাশিং ওপেনার তামিম ইকবালের। 

লিটনের বিশ্বসেরা একাদশে ওপেনার হিসেবে আছেন ভারতের বীরেন্দর শেবাগ ও শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়া। টপ অর্ডারের বাকি দুই অবস্থানে আছেন দুই কিংবদন্তি শচীন টেন্ডুলকার এবং রিকি পন্টিং।

তিন পেসারের দলে আছেন পাকিস্তানের ওয়াসিম আকরাম এবং শোয়েব আখতার। তাদের সঙ্গ দিতে আছেন শ্রীলঙ্কার চামিন্দা ভাস। দুই স্পিনার হিসেবে একাদশে রেখেছেন মুত্তিয়া মুরালিধরন ও শেন ওয়ার্ন।

লিটনের বিশ্বসেরা একাদশ: বীরেন্দর শেবাগ, সনাৎ জয়সুরিয়া, শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, লিটন কুমার দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), সাকিব আল হাসান, ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, চামিন্দা ভাস, মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন।   

ইত্তেফাক/জেডএইচ