কক্সবাজারের পেকুয়ায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) ভোর ৫ টার দিকে উজানটিয়া এলাকা তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শিশুরা হলো-উজানটিয়া ইউনিয়নের ফেরাসিঙ্গা পাড়া এলাকার নুরুল আলমের মেয়ে তাহিদা বেগম (১০), তার ভাই আমির হোসাইন (৫), ছাবের আহমদের মেয়ে হুমাইরা বেগম (৮)।
মৃত হুমাইরার মা জাহেরা বেগম জানান, বুধবার বিকালের দিকে মাছ ধরতে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে হুমাইরা নিখোঁজ ছিল। পরে খবর পাই আমির হোসাইন ও তাহিদা বেগমও নিখোঁজ।
মৃত আমির হোসাইন ও তাহিদা বেগমের মা রহিমা বেগম জানান, বুধবার ফুফাতো বোন হুমাইরাসহ পাশের চিংড়ি ঘেরে মাছ ধরতে গিয়ে তারা আর ফিরে আসেনি। বৃহস্পতিবার ভোরে হুমাইরার মরদেহ পানিতে ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করতে গিয়ে একই স্থানে তিন জনের মরদেহ পাওয়া যায়।
উজানটিয়া ইউপি সদস্য শরীয়ত উল্লাহ জানান, বুধবার বিকাল ৪ টার দিকে বাড়ির পাশের চিংড়ি ঘেরে মাছ ধরতে যায় শিশুরা। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। সন্ধ্যার পর থেকে রাত ৩ টা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি। পরে আজ ভোর ৫ টার দিকে তাদের মরদেহ পাওয়া যায়।
পেকুয়া থানার ওসি ওমর হায়দার ঘটনার সত্যতার শিকার বলেন, ‘উজানটিয়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। কারও কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দিই।’

