মাদারীপুরের গ্রাম পুলিশ সদস্যরা পেলেন নতুন পোশাক

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০০:১৬

মাদারীপুরে বিভিন্ন উপজেলায় কর্মরত ৫২৯ জন গ্রাম পুলিশ সদস্যের (দফাদার ও মহল্লাদার) মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনে কক্ষে পোশাক বিতরণ করা হয়।

মাদারীপুর জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান। এসময় গ্রাম পুলিশ সদস্যদের প্রত্যেককে খাকি রঙয়ের ২টি ফুলপ্যান্ট, ১টি নীল রঙের ফুলহাতা শার্ট ও ১টি হাফহাতা শার্ট, ১ জোড়া জুতা, ১ জোড়া মোজা এবং উন্নতমানের ১টি করে বেল্ট দেওয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, দেশের একেবারে তৃণমূল পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা অপরিসীম। দফাদার ও মহল্লাদারদের তৎপরতার মাধ্যমে গ্রামাঞ্চলে অপরাধ অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দিন, সিনিয়র সহকারী কমিশনার মো. তুহিন হোসেন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সেবক মন্ডল, মাদারীপুর জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন সেলিম, ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ।

ইত্তেফাক/এসটিএম