খাবারের দাম চাওয়ায় বিক্রেতাকে মারধর করলেন মার্কিন তরুণী

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ২০:৪৯

খাবারের দাম চাওয়ার বিক্রেতার ওপর চড়াও হয়েছেন এক মার্কিন তরুণী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় বিক্রেতার ওপর তিনি নির্মমভাবে আক্রমণ করে যাচ্ছেন। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, লস অ্যাঞ্জেলসের একজন টাকো বিক্রেতাকে (এক ধরনের মেক্সিকান স্ট্রিটফুড) নির্মমভাবে মারধর করার জন্য তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখায় ওই তরুণী তার বেগুনি রংয়ের গাড়ি থেকে ক্ষিপ্তভাবে নেমে বিক্রেতাকে মারধর করছে। পরে খাবারের দাম না দিয়েই সে চলে যায়।

পুলিশ জানিয়েছে ওই নারীর নাম রেনি ল্যাট্রিস হাইন্স (৩৬)। তিনি বেকার্সফিল্ডে থাকেন। বুধবার তাকে মারাত্মক অস্ত্র দিয়ে হামলার অভিযোগে আটক করে লস অ্যাঞ্জেলস কাউন্টি জেলে পাঠানো হয়।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, এই কর্মকাণ্ডের কথা জানার পর নিজের ঠিকাদারির চাকরিটি হারিয়েছেন ওই নারী। মারধরের ঘটনাটি রোববার সন্ধ্যায় ঘটে। ভুক্তভোগীর নাম জোয়ানা ভাসকুয়েজ। তিনি একজন টাকো দোকানের মালিক।

পুলিশ বিবৃতিতে বলা হয়েছে, অফিসাররা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। তারপর তারা জানতে পারেন টাকো খাওয়ার পর তার কাছে দাম চাওয়া হলে বিক্রেতার চোখে-মুখে ঘুষি এবং পিপার স্প্রে মারেন ওই নারী।

ওই দোকানের একজন স্টাফ তার ফোনে ঘটনাটি রেকর্ড করেছিলেন। সোমবার বিকালে তিনি সেটি ইনস্টাগ্রামে পোস্ট করেন।

ইত্তেফাক/এসএটি