মুন্সীগঞ্জের গজারিয়ায় ওষুধ শিল্প পার্কে একটি ভবনের বাইরের অংশে রঙ করার সময় রশি ছিঁড়ে নিচে পড়ে দুই রঙমিস্ত্রির মৃত্যু হয়েছে।
শনিবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের একমি গ্রুপের কারখানায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাদারীপুরের শিবচর উপজেলার সেনেরবাগ গ্রামের টোকন খানের ছেলে মো. শহীদ (২৭) ও একই গ্রামের আবুল মাতুব্বরের ছেলে আব্দুস সোবহান (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওষুধ শিল্প পার্কে একমি ল্যাবরেটরিজ লিমিটেডে প্লটের ভেতর পাঁচতলা ইউটিলিটি ভবনের চারতলায় রঙের কাজ করছিলেন তিনজন ব্যক্তি। তাদের মধ্যে দু'জন রশিতে ঝুলে রঙ করছিলেন। অপরজন ভবনের ছাদ থেকে তাদের সহযোগিতা করছিলেন। সকাল ৯টার দিকে রশি ছিঁড়ে ৯০ ফুট ওপর থেকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আরশাদ কবির বলেন, সকাল ৯টার দিকে হাসপাতালে দু'জন লোককে নিয়ে এলে আমরা তাদের মৃত ঘোষণা করি। অবস্থা দেখে মনে হয়েছে দু'জনই রঙের কাজ করেন।
গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী বলেন, প্রাথমিকভাবে আমাদের কাছে যেটা মনে হয়েছে, রঙ করা অবস্থায় রশি ছিঁড়ে নিচে পড়ে তারা মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
