সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনের স্টেডিয়ামে সকাল সকাল সংবাদ সম্মেলন। আজকের ইস্ট বেঙ্গল-মোহন বাগান ডার্বি ম্যাচ নিয়ে। প্রথমে ইস্ট বেঙ্গল ক্লাব পরে মোহন বাগান এলো। দুই দলের সংবাদ সম্মেলনে এএফসি কাপের প্রসঙ্গটি ঘুরে ফিরে এসেছে। সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরও কলকাতার সিনিয়র সাংবাদিকদের মুখেও এএফসি কাপের প্রসঙ্গটি ঘুরেছে।
ডার্বি ম্যাচ হলেও মোহন বাগান আজ ইস্ট বেঙ্গল ক্লাবের বিপক্ষে কোন একাদশ নামাবে, সেটি নিয়ে প্রশ্ন ছিল। বুধবার প্লে অফ রাউন্ডে মোহন বাগানের প্রথম রাউন্ডের খেলা নেপালের মাচিন্দ্রার বিপক্ষে। জিততেই হবে সেই ম্যাচ। এখন যদি মোহন বাগান আজ ইস্ট বেঙ্গলের বিপক্ষে জিততে গিয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরিতে পড়েন, তাহলে সেই ক্ষতি পূরণ করা যাবে না। সামনে আবাহনীও আসতে পারে। তাই মোহন বাগান কোন একাদশ নামবে? বাগানের স্প্যানিশ কোচ ফেরেন্দার কৌশলীর জবাব, ‘কঠিন হয়ে যাবে একাদশ চূড়ান্ত করা।’ ফেরেন্দা স্পেনের বার্সেলোনার যুব দলের কোচ ছিলেন। ভারতে আরও আগেই এসেছেন। আইএসএলে ব্যাঙ্গালুরুর কোচ ছিলেন। এখন মোহন বাগানের কোচ হলেও ডার্বির উত্তেজনা নিজ চোখে এবারই প্রথম দেখবেন তিনি। নেপালের ম্যাচে জিততে পারলে আবাহনী অথবা মালদ্বীপের ক্লাব আসবে সল্টলেকে। আবাহনীকে শক্তিশালী দল মনে করছেন মোহন বাগানের কোচ। ২২ আগস্ট খেলা হবে। আবাহনী সেভাবে পরিকল্পনা নিয়ে আসবে সেটা ধরেই নিচ্ছেন সবাই।
মোহন বাগানের মতো দলগুলো দূরের পরিকল্পনা করে রাখে। আবাহনীরা সেটা পারে না। কারণ, সল্টলেকের মাঠের টিকিট পেতে হলে সিলেটে ১৬ আগস্টের খেলায় জিততে হবে। প্রতিপক্ষ মালদ্বীপের ঈগল ক্লাব গতকালই সিলেটে পৌঁছে গেছে। এই খেলাগুলো ছিল ১৫ আগস্ট। কিন্তু এই দিনে ভারতের স্বাধীনতা দিবস এবং বাংলাদেশে বঙ্গবন্ধু এবং তার পরিবার ঘাতকের হাতে শহিদ হন এই দিনে, ১৯৭৫ সালে। পরিবারের সঙ্গেই নিহত হয়েছিলেন আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামাল। তাই এসব গুরুত্বপূর্ণ কারণে দুই দেশের অনুরোধে খেলাগুলো এক দিন পিছিয়ে ১৬ আগস্ট নির্ধারণ করে এএফসি।
