পিরোজপুরের মঠবাড়িয়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের সময় স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ ছিনতাই চক্রের ৫ নারী সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার (১১ আগস্ট) শহরের সরকারি কলেজে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের সময় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই দিন রাতে মোসা. মাজেদা বেগম (৫৫) নামে এক ভুক্তভোগী নারী ছিনতাইকারী চক্রের ৫ জনের নামে ও অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে তাদের ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া নারী ছিনতাইকারীরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগন থানার ডরমণ্ডল এলাকার জনব আলীর স্ত্রী পারভীন (৩৫), আলী আজমের স্ত্রী শেফালী (২৫), আজিজের স্ত্রী আমেনা বেগম ওরফে আমিরুন (২৭), ছোহরাব আলীর স্ত্রী শিউলী বেগম (৩৫) ও নাটোর জেলার নলডাঙ্গা থানার ভূষণগাছা গ্রামের মৃত দুলাল সরদারের স্ত্রী রাশিদা বেগম।
জানা গেছে, শুক্রবার সকালে মঠবাড়িয়া পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ড বাসিন্দারের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে সরকারি কলেজে উপজেলা নির্বাচন ও পৌরসভার পক্ষ থেকে বেশ কয়েকটি বুথ বসে। এ সময় ওই নারী প্রতারক চক্রটি নারীদের লাইনে গিয়ে কৃত্রিম প্রতিবন্ধকতা সৃষ্টি করে কৌশলে বেশ কয়েকজন নারীর গলার সোনার চেইন ও হাত ব্যাগে থাকা টাকা নিয়ে যায়। সকাল সাড়ে ১১টার দিকে একইভাবে স্থানীয় বাসিন্দা মাজেদা বেগমের গলায় চেইন ভ্যানিটি ব্যাগে হাত দিলে তিনি সতর্ক হয়ে যান। এ সময় তিনি ওই নারীদের পরিচয় জানতে চেয়ে চ্যলেঞ্জ করলে ৮/৯ জন নারী দৌড়ে একটি গাড়িতে উঠে পালিয়ে যাবার চেষ্টা করে। তখন মাজেদা বেগম ও অপর দুই নারী তাদের পেছনে আর একটি গাড়ি নিয়ে ধাওয়া করে প্রায় ১ কিলোমিলার দূরে গিয়ে পোষাক পরিবর্তন অবস্থায় প্রতারক চক্রের ৫ নারীকে ধরে ফেলে। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়া নারীরা সবাই সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। এ ঘটনায় ছিনতাই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার (১২ আগস্ট) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
