ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে যাওয়ার পথে অভিবাসীদের নৌকাডুবে অন্তত ৬ জনের প্রাণহানি ঘটেছে। ফরাসি মেরিটাইম কর্মকর্তারা বলেছেন, এখনো নিখোঁজদের জন্য অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।
ফরাসি উপকূলীয় কর্তৃপক্ষের মুখপাত্র প্রেমার শনিবার সংবাদ মাধ্যমকে বলেছেন, ৫ থেকে ১০ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছে এবং ৫৫ জনকে উদ্ধার করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, চারটি ফরাসি জাহাজ, একটি হেলিকপ্টার এবং দুটি ব্রিটিশ জাহাজ উত্তর ফ্রান্সের সাঙ্গাতে এই উদ্ধার অভিযান পরিচালনা করছে। ব্রিটিশ জাহাজ ব্যবহার করে কিছু জীবিতকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় মেয়র ফ্রাঙ্ক ধেরসিন বলেছেন, সকাল ৬ টার দিকে ব্যাপক আকারে উদ্ধার অভিযান শুরু করা হয়েছিল। কারণ কয়েক ডজন অভিবাসী নৌকা একই সময়ে পাড়ি দেওয়ার চেষ্টা করেছিল।
বার্তা সংস্থা রয়টার্সকে মেয়র বলেন, ‘বেশ কয়েকটি নৌকা গুরুতর সমস্যার সম্মুখীন হয়েছিল। উপকূলীয় শহর সাঙ্গাতের কাছে দুর্ভাগ্যবশত মৃতদেহ খুঁজে পাওয়া গেছে।’
মেরিটাইম প্রিফেকচার ৬ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলমান রয়েছে বলেও তারা জানিয়েছে।
ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন বলেছেন, জুনিয়র মেরিটাইম অ্যাফেয়ার্স মিনিস্টার হার্ভে বেরভিল ক্যালাইসে যাবেন। সেখানে অভিবাসীদের একটি নৌকা ডুবে গিয়েছিল। তিনি সামাজিক মাধ্যমে বলেছেন, ‘আজ সকালে ক্যালাইসে অভিবাসীদের একটি নৌকা ডুবে গেছে। ভুক্তভোগীদের নিয়ে আমি চিন্তিত।
ব্রিটিশ কোস্টগার্ড জানিয়েছে, তারা উদ্ধারকাজে সহায়তা করার জন্য ডোভার থেকে একটি লাইফবোট পাঠিয়েছে। পাশাপাশি এখানে কোস্টগার্ড উদ্ধারকারী দল এবং অ্যাম্বুলেন্স কর্মীও রয়েছে।
শুক্রবার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ সালে ব্রিটেন অভিবাসীদের সংখ্যা প্রকাশ করার পর থেকে এখন পর্যন্ত জানা গেছে ১ লাখের বেশি অভিবাসী ফ্রান্স থেকে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের উদ্দেশে ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে।
গত বছর ফ্রান্স থেকে ব্রিটেনে পাড়ি দিতে গিয়ে সাগরে পাঁচ অভিবাসী মারা যায় এবং চারজন নিখোঁজ হয়। ২০২১ সালের নভেম্বরে ইংলিশ চ্যানেলে একটি নৌকা ডুবে ২৭ অভিবাসী মারা যায়।

