সৌদিতে হ্যাটট্রিক করে অভিষেক রাঙ্গাল ফিরমিনো

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৪:৩৯

ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুলের সঙ্গে ৮ বছরের সম্পর্ক ছিন্ন করে চলতি মৌসুমে সৌদি প্রো লিগের ক্লাব আল আহলিতে যোগ দেন ব্রাজিলিয়ান ফরোওয়ার্ড রবের্তো ফিরমিনো। গত ৫ জুলাই সৌদির এ ক্লাবটিতে যোগ দেন তিনি। তবে দলটির হয়ে অভিষেক হয়েছে গত পরশু রাতেই। আর প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে নিজের সামর্থ্যের জানান দিলেন তিনি। 

তার গোলেই শুক্রবার রাতে সৌদি প্রো লিগের ২০২৩-২৪ নতুন মৌসুমের প্রথম ম্যাচে আল হাজমকে ৩-১ গোলে হারায় আল আহলি। গত মৌসুমে দ্বিতীয় স্তরের লিগে চ্যাম্পিয়ন হওয়ায় এবার মূল লিগে খেলার সুযোগ পায় আল আহলি। আল হাজমও তাদের মতো এবার প্রথম বিভাগ লিগ থেকে উঠে এসেছে। নতুন দুই দল দিয়েই নতুন মৌসুম শুরু হল সৌদির। যাতে পাত্তাই পায়নি হাজম। পরশু রাতে প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের ষষ্ঠ মিনিটেই চোখ ধাঁধানো হেডে আল আহলিকে এগিয়ে দেন ফিরমিনো। 

দশম মিনিটে ম্যানচেস্টার সিটি থেকে এই মৌসুমে আল আহলিতে যোগ দেওয়া আলজেরিয়ান উইঙ্গার রিয়াদ মাহরেজের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বিরতির পর আল হাজম এক গোল শোধ দিলেও তা কেবল ব্যবধান কমায়। তবে ৭২ মিনিটে আরেকটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন ফিরমিনো।

ইত্তেফাক/জেডএইচ