বৃষ্টিতে পণ্ড প্রথম দিনের ‘ক্লোজডোর’ অনুশীলন, খেলোয়াড়দের সঙ্গে কোচের বৈঠক

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১৩:২৭

আগামী ৩০ আগস্ট পর্দা উঠতে যাচ্ছে এশিয়া কাপের। আর ওয়ানডে বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টটি নিয়ে খুব বেশি সিরিয়াস বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তাই তো নিজেদের প্রস্তুত করতে মিরপুরে চার দিনের ক্লোজডোর অনুশীলনে ক্রিকেটাররা। গত শনিবার সকালে এশিয়া কাপের দল ঘোষণা করার পরই রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে একটি বার্তা দিয়ে গণমাধ্যমকর্মীদের জানিয়ে দেওয়া হয় বিষয়টি।

পরশু রাতে ক্লোজডোর অনুশীলনের বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানিয়েছিল, আগামী ১৩, ১৪, ১৬ ও ১৭ আগস্ট বাংলাদেশ দলের অনুশীলন দেখতে কোনো সংবাদমাধ্যম মাঠে প্রবেশ করতে পারবে না। এই কদিন ফটোসাংবাদিক ও ক্যামেরাপারসনরা অনুশীলনের আগে ১৫ মিনিটের জন্য ছবি আর ভিডিও নিতে পারবেন। এরপর স্টেডিয়াম এলাকা ত্যাগ করতে হবে। এর আগেও প্রথম দফায় যখন হাথুরু টাইগারদের দায়িত্ব নিয়েছিলেন তখনো সাংবাদিকদের মাঠে প্রবেশ নিয়ে এমন কড়াকড়ি ব্যবস্থা করেছিলেন।

এদিকে বোর্ডের বিজ্ঞপ্তি অনুসারে গতকাল মিরপুরের রুদ্ধদ্বার অনুশীলনের প্রথম দিন ছিল তবে এদিন ক্রিকেটাররা অনুশীলনই করতে পারেনি। তবে খেলোয়াড়দের নিয়ে বৈঠক করেছেন টাইগার হেড কোচ। মূলত এদিন সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ায় মাঠে নামেনি খেলোয়াড়রা। তবে বেলা সাড়ে ৩টার দিকে বৃষ্টি কিছুটা থেমে আসায় আশা জাগে অনুশীলন শুরু হওয়ার কিন্তু স্কিল অনুশীলনের জন্য মাঠ তখনো প্রস্তুত ছিল না। তাই কিছুক্ষণ পরে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, গণমাধ্যমকর্মীদের জানান আজ আর অনুশীলন হবে না। ক্রিকেটাররা মিটিংয়ের পর কয়েক জন যাবেন জিম বা ইনডোরে।

তবে এদিন অনুশীলন না হলেও ক্রিকেটারদের সঙ্গে মিটিং সেরে নিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিসিবিতে অনুষ্ঠিত মিটিংয়ে সাকিব আল হাসানসহ বিদেশে থাকা ক্রিকেটার ছাড়া ক্যাম্পে উপস্থিত থাকা বাকি সবাই উপস্থিত ছিলেন। এছাড়া হেড কোচ ছাড়াও কোচিং স্টাফদের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

এর আগে লন্ডন থেকে চিকিত্সা নিয়ে এসে গত ৩ আগস্ট বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করে আসন্ন এশিয়া কাপ এবং টাইগারদের ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান দলের অভিজ্ঞ ব্যাটার তামিম ইকবাল খান। এরপর থেকেই বিসিবি ব্যস্ত হয়ে যায় নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে। প্রায় সপ্তাহখানেক সময় নিয়ে গেল শুক্রবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দ্বিতীয় বারের মতো এই ফরম্যাটে অধিনায়ক হিসেবে ঘোষণা করেন বোর্ড সভাপতি। তার পরদিনই অর্থাত্ শনিবারই এশিয়া কাপের টাইগার স্কোয়াড ঘোষণা করে বোর্ডের নির্বাচকরা।

জানা গেছে, দল ঘোষণার পর থেকেই নিজেদের প্রস্তুত করতে ব্যস্ত হাথুরু বাহিনী। ক্যাম্পের মূল কার্যক্রম ১৩ তারিখ থেকেই শুরু হয়েছে। আজ ১৪ ও ১৫ আগস্ট দলের ক্রিকেটাররা স্কিল, টিম ফোকাস ও ফিটনেস ট্রেনিং করবেন। এরপর ১৬ আগস্ট তাদের বিশ্রাম দিয়ে ১৭ ও ১৮ আগস্ট একই অনুশীলন করবেন। ১৯ আগস্ট আবার বিশ্রাম। ২০ আগস্ট রাখা হয়েছে ম্যাচ প্রাকটিস। এছাড়া আগামী ২৬ আগস্ট এশিয়া কাপে যোগ দিতে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল। এরপর আগামী ৩১ আগস্ট আসরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবেন টাইগাররা।

 

ইত্তেফাক/জেডএইচ