কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রেম করে বিয়ে অতঃপর যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ আগস্ট) দুপুরে তাকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ভোরে উপজেলার নজরমামুদ এলাকার একটি বাঁশঝাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আশেক আলী (২৮) উপজেলার পশ্চিম ধনিরাম গ্রামের তাজুল ইসলামের ছেলে।
নিহত মৌসুমী খাতুন (২৫) একই উপজেলার পূর্ব ধনিরাম গ্রামের মনছুর আলীর মেয়ে।
ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, পাঁচ বছর আগে পশ্চিম ধনিরাম গ্রামের তাজুল ইসলামের ছেলে আশেক আলীর সঙ্গে প্রেম করে বিয়ে করে মৌসুমী খাতুন। বিয়ের পর মেয়ের সুখের কথা চিন্তা করে নিহতের বাবা মনছুর আলী জামাইকে এক লাখ টাকা দেন। কিন্তু জামাই আশেক আলী বাবার বাড়ি থেকে আরও টাকা আনার জন্য মৌসুমীর ওপর চাপ দিতে থাকে। গত ৮ আগস্ট সকালে আশেক আলী মৌসুমীকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিলে মৌসুমী অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে আশেক আলী মৌসুমীকে বেদম মারধোর শুরু করে। খবর পেয়ে মৌসুমীর নানা জহুরুল ইসলাম ও চাচা নাসির আলী গুরুতর আহত অবস্থায় মৌসুমীকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করলে শনিবার (১২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ঘটনায় রোববার (১৩ আগস্ট) বিকালে নিহতের চাচা নাসির আলী বাদী হয়ে নিহত গৃহবধূর স্বামী আশেক আলীসহ তিন জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এর ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আশেক আলীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
