মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১৭:২৭

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে রুদ্ধদ্বার অনুশীলন করছে বাংলাদেশ। এরই মাঝে ঘটেছে এক দুর্ঘটনা। সোমবার (১৪ আগস্ট) ম্যাচের আবহাওয়া তৈরি করে অনুশীলন করছিল ক্রিকেটাররা। সেই সময় আগুন লাগে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনের ডান পাশের ফ্লাড লাইটে।

এশিয়া কাপকে সামনে রেখে রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করেছে টাইগাররা। রুদ্ধদ্বার অনুশীলনে মাত্র ১৫ মিনিট মাঠে থাকার সুযোগ পাচ্ছেন গণমাধ্যম কর্মীরা। অনুশীলনের দ্বিতীয় দিনে বিকেল চারটা নাগাদ ক্রিকেটারদের অনুশীলন হয়। এরই মধ্য ঘটে আগুন লাগার ঘটনা। 

অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন গণমাধ্যমকে বলেন, 'শর্ট সার্কিটের কারণে ফ্লাড লাইটে আগুন লাগে। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। আমরা ঠিক করার জন্য কাজ করছি। বৃষ্টির কারণে আপাতত ঠিক করা সম্ভব হচ্ছে না। ফ্লাড লাইট পাল্টাতে হবে না। বাকি লাইটগুলো জ্বলছে, এখন অনুশীলন করছে ক্রিকেটাররা।'

ইত্তেফাক/জেডএইচ