হঠাৎ স্থগিত খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ডাকা সংবাদ সম্মেলন

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১৯:৩৫

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসাসংক্রান্ত বিষয় নিয়ে ‘অতি গুরুত্বপূর্ণ’ সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। তবে কী কারণে স্থগিত করা হয়েছে, সে বিষয়ে কিছুই জানায়নি বিএনপি।

সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল। তবে এটি আজ হচ্ছে না।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, ম্যাডামের চিকিৎসা নিয়ে সন্ধ্যা ৭টায় বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে ডাকা সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। পরে এ বিষয়ে জানানো হবে।

বিএনপি সূত্রে জানা গেছে, প্রতিদিনই খালেদা জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি পর্যালোচনা করছেন মেডিকেল বোর্ড। তবে তিনি এখনও কেবিনে ভর্তি আছেন।

গত ১০ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। সেদিনই চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

 

ইত্তেফাক/এসজেড