ডিমের বাজারে র‍্যাবের অভিযান, ১২ লাখ টাকা জরিমানা

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০৩:৩০

ডিমের অস্থির বাজার নিয়ন্ত্রণে আনতে অভিযানে নেমেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার ভোরের দিকে পুরান ঢাকার কাপ্তানবাজারে ডিমের আড়তে অভিযান চালায় র‍্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত। কাপ্তানবাজার থেকে শুরু হওয়া এ অভিযান রাজধানীর ডিমের বিভিন্ন পাইকারি আড়তে অভিযান চালিয়ে ২৭টি প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, বাজার নিয়ন্ত্রণে আনতে রাজধানীর কাপ্তানবাজার ও বাড্ডা এলাকায় ডিমের আড়তে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান চালিয়েছে। এ অভিযান চলবে।

গত কয়েক দিনের ব্যবধানে রাজধানীতে ডিমের দাম হালিপ্রতি প্রায় ১০ টাকা  বেড়েছে। বর্তমানে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। এর আগে ১২ আগস্ট ডিমের বাজার নিয়ন্ত্রণে আনতে কাপ্তানবাজারে অভিযান পরিচালনা করে র‍্যাব। সেখানে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইত্তেফাক/এমএএম