প্রধানমন্ত্রীর শোক

বিমানবাহিনী সাবেক প্রধান বীর উত্তম সুলতান মাহমুদ মারা গেছেন

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ২৩:৫১

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবাহিনীর এই সাবেক প্রধান সুলতান মাহমুদ বীর উত্তমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় সুলতান মাহমুদ দুই নম্বর সেক্টর ও পরবর্তী সময়ে এক নম্বর সেক্টরের কমান্ডিং অফিসার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে পরিচালিত বাংলাদেশ বিমান বাহিনীর কিলো ফ্লাইট অপারেশনে নেতৃত্ব দিয়েছিলেন। মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে তাকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়।

প্রধানমন্ত্রী এই অসীম সাহসী বীর মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, বিমানবাহিনী সূত্র জানায়, এই বীর মুক্তিযোদ্ধা বিমানবাহিনীর কিলো ফ্লাইটের অধিনায়কত্ব গ্রহণের মাধ্যমে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ বিমানবাহিনীর নেতৃত্ব দেন। তিনি তার চৌকস অধিনায়কত্বে কিলো ফ্লাইট এবং বৈমানিক হিসেবে সরাসরি আকাশ যুদ্ধে অংশগ্রহণ করে মুক্তিযুদ্ধে বিজয় ত্বরান্বিত করেন।

সুলতান মাহমুদ স্ত্রী, এক মেয়ে, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ইত্তেফাক/এমএএম