ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আধিপত্য বিস্তারের জেরে জনি মিয়া (৩৫) নামে এক যুবককে পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় আওয়াল মিয়া নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৪ আগস্ট) রাতে উপজেলার তালশহর পশ্চিম ইউনিয়নের তালশহর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত জনি মিয়া ওই এলাকার মো. মকসেন মিয়ার ছেলে।
নিহতের স্বজনদের অভিযোগ, জনি মিয়া ও আওয়াল মিয়া রাত ১০টার দিকে তালশহর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাজারের পাশের সেতুতে পৌঁছালে সাবেক ইউপি চেয়ারম্যান আবু সামার দুই ছেলে সাচ্চু মিয়া ও আমির হোসেনসহ তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় জনি মিয়ার দুই পায়ের রগ কেটে ফেলে এবং সঙ্গে থাকা আওয়ালকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকায় পাঠান। ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাত ২টার দিকে জনি মিয়ার মৃত্যু হয়।
তালশহর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান সোলাইমান মিয়া বলেন, জনি আমার কর্মী ছিলেন। ২০২২ সালে ৫ জানুয়ারি নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হই। এরপর থেকেই সাবেক ইউপি চেয়ারম্যান আবু সামা ও তার ছেলেরা সোলাইমান মিয়া আমার কর্মীদের ওপর ক্ষুব্ধ ছিল। এরই জেরে সোমবার রাতে আবু সামা ও তার ছেলেরা এই হামলা চালায়।
এ বিষয়ে জানতে সাবেক ইউপি চেয়ারম্যান আবু সামা ও তার ছেলে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমির হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহমেদ বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
