আবার ফিরব: স্বাধীনতা দিবসে মোদি

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৯:১৪

ভারতের স্বাধীনতা দিবস ছিল গতকাল মঙ্গলবার। এদিন লালকেল্লায় পতাকা তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাষণের প্রথমেই মণিপুর নিয়ে কথা বলেন। আবার জেতার ইঙ্গিত দেন তিনি।

স্বাধীনতা দিবসের সকালে দিল্লির লালকেল্লায় দেশবাসীকে সম্বোধন করেন ‘আমার প্রিয় পরিবারের সদস্য’ বলে। এতদিন পর্যন্ত অভিযোগ ছিল, অশান্ত মণিপুর নিয়ে মোদি চুপ। মণিপুর নিয়ে প্রথম তিনি কথা বলেন অশান্তির প্রায় ৮০ দিন পর, সেটাও ৩০ সেকেন্ড। 

তারপর লোকসভায় অনাস্থা নিয়ে বিতর্কের জবাব দিতে গিয়ে একেবারে শেষে বলেছিলেন মণিপুর নিয়ে। স্বাধীনতা দিবসের ভাষণে তিনি প্রথমেই মণিপুর নিয়ে বললেন। সেসঙ্গে জানিয়ে দিলেন, মানুষের তার ওপর ভরসা থাকলে পরের বছর ১৫ আগস্টেও তিনিই লালকেল্লায় আবার ফিরে আসবেন। অর্থাৎ, ভোটে জিতলে তিনিই প্রধানমন্ত্রী হবেন।

মণিপুর নিয়ে মোদি: প্রধানমন্ত্রী বলেছেন, ‘পুরো দেশ মণিপুরের পাশে আছে। মোদি বলেছেন, গত কয়েক সপ্তাহ ধরে মণিপুরে সহিংসতা হয়েছে। অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। আমাদের মা, বোনদের মর্যাদাহানি করা হয়েছে। কিন্তু এখন ধীরে ধীরে সেখানে শান্তি ফিরছে।’

আবার প্রধানমন্ত্রী হওয়ার ইঙ্গিত

মোদি বলেছেন, ‘দেশের মানুষের ভরসা যদি আমার ওপরে থাকে, তাহলে আগামী বছর আমি আবার লালকেল্লায় এভাবে ফিরে আসব। যেসব প্রকল্পের সূচনা করেছি, সেসব প্রকল্পের উদ্বোধনও আমার ভাগ্যে লেখা আছে বলে মনে হচ্ছে।’ 

অনাস্থা বিতর্কেও মোদি বলেছিলেন, বিজেপি আবার ক্ষমতায় আসবে। তিনিই আবার প্রধানমন্ত্রী হবেন। এবার স্বাধীনতা দিবসের ভাষণে একই ইঙ্গিত দিলেন তিনি। দেড় ঘণ্টার ভাষণে তিনি যেমন নিজের সরকারের সাফল্যের কথা বলেছেন, তেমনই সমালোচনা করেছেন বিরোধীদের। 

মোদির দাবি, তিনি থাকলে পাঁচ বছরের মধ্যে ভারত অর্থনীতির শক্তিতে ৩ নম্বর দেশ হবে। তার কথায়, এটা ‘মোদি গ্যারান্টি’। মোদি এদিন ১৫ হাজার কোটি টাকার বিশ্বকর্মা প্রকল্পের কথা ঘোষণা করেন। এটা মূলত কর্মকার, ধোপা, নাপিত, স্বর্ণকারসহ বিভিন্ন পেশের সঙ্গে যুক্ত মানুষরা সাহায্য পাবেন।

আসেননি খাড়গে

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এদিন লালকেল্লার অনুষ্ঠানে যাননি। তিনি প্রথমে নিজের বাড়িতে ও পরে কংগ্রেস সদর দপ্তরে পতাকা তোলেন। খাড়গে বলেছেন, তার শরীর খারাপ ছিল। তার ওপর দুই জায়গায় পতাকা তোলার দায়িত্ব ছিল। আর লালকেল্লায় যাওয়া ও আসার ক্ষেত্রে প্রচুর বিধিনিষেধ আছে। তাই তিনি যেতে পারেননি। খাড়গে তার ভাষণে মোদি সরকারের প্রবল সমালোচনা ও জওহরলাল নেহেরু ও অন্য কংগ্রেসি প্রধানমন্ত্রীর কাজের প্রশংসা করেন।

রেড রোডে মমতা

কলকাতায় রেড রোডে পশ্চিমবঙ্গ সরকারের স্বাধীনতা দিবসের প্যারেড। সেখানে পতাকা তোলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রবীন্দ্রনাথের গানে মুখরিত হয় রেড রোড। একের পর এক ট্যাবলো আসে। তার মধ্যে কন্যাশ্রী, সমুজসাথী, স্বাস্থ্যসাথী যেমন ছিল, তেমনই ছিল লক্ষ্ণীর ভান্ডার, দুয়ারে রেশনও। ছিল দুর্গা-আবাহনও। রাজ্যপাল আনন্দ বোস ব্যারাকপুরে গান্ধীঘাটে গিয়ে গান্ধীজিকে শ্রদ্ধার্ঘ্য দেন। তারপর তিনি কলকাতায় অরবিন্দের মূর্তিতে মালা দেন। এরপর বাংলায় ভাষণ দেন। —ডয়চেভেলে

ইত্তেফাক/এএইচপি