বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, গুলশান ক্লাবের মতো আরেকটা সামাজিক সোশ্যাল ক্লাব বিএনপি। তারা রাতের বেলা পার্টি করে আর আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে।
মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শোক দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন।
শেখ তন্ময় বলেন, ‘আমি বাগেরহাটের এমপি। আমার শ্রমিক ভাইয়েরা এখনও বঙ্গবন্ধুর ৭ই মার্চের স্লোগান দেন। বঙ্গবন্ধুকে ভালোবাসেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন। নেত্রীর কথা শুনলে হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে আসবেন।’
সংসদ সদস্য আরও বলেন, কিছু লোক শহরের অভিজাত এলাকায় থাকে। তারা গুলশান ক্লাবের মত সোশ্যাল ক্লাব খুলেছে। তারা হলো বিএনপি। সামাজিক সোশ্যাল ক্লাব বানিয়েছে। তারা সেখানে রাতে পার্টি করে।
শেখ তন্ময় আরও বলেন, যারা আওয়ামী লীগে নেতৃত্ব দেওয়ার সুযোগ পায়নি তাদের নিয়ে এই ক্লাব খুলেছে। সেই দিন থেকে ক্লাবের মধ্যে কিছু মানুষ হাজির হয়েছে। তাদের রাজনৈতিক নেতৃত্ব নেই। তারা বলে, ৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। তারা দেশের বিরুদ্ধে আপিল প্রচার করে। সেনাবাহিনী-পুলিশকে হুমকি দেয়।
