নারী ফুটবল বিশ্বকাপ

শেষ আট মিনিটের নাটকে ফাইনালে স্পেন

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১৬:০৪

প্রতিপক্ষ সুইডেন বিশ্ব নারী ফুটবলে যথেষ্টই সমীহ জাগানিয়া দল। এর আগে ফিফা নারী বিশ্বকাপে চার বার সেমিফাইনাল খেলেছিল তারা। এক বার উঠেছিল ফাইনালে। এবার সেমিতে উঠেছিল পঞ্চম বারের মতো। বিপরীতে স্পেনের মেয়েরা এবারই প্রথম সেমিফাইনাল খেলল। সুতরাং গতকাল অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলতে নামার আগে মানসিকভাবে কিছুটা হয়তো চাপেই ছিল স্পেন। কিন্তু সেই স্নায়ুচাপ জয় করে বাজিমাত করেছে স্পেনের মেয়েরাই। শেষ আট মিনিটের নাটকে শক্তিশালী সুইডেনকে ২-১ গোলে হারিয়ে স্পেনের মেয়েরা প্রথম বারের মতো পা রেখেছে ফাইনালে।

২০ আগস্ট অস্ট্রেলিয়ার সিডনিতে শিরোপা নির্ধারণী মঞ্চে স্পেনের প্রতিপক্ষ হবে কোন দল, তা নির্ধারণ হবে আজ দ্বিতীয় সেমিফাইনালে। আজকের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

অকল্যান্ডের ইডেন পার্কে সুইডেন-স্পেনের সেমির দ্বৈরথে ৮১ মিনিট পর্যন্তও গোলশূন্য ছিল। ফাইনালের টিকিটের আশায় দুই দলই লড়াই চালিয়ে যাচ্ছিল সমানতালে। কিন্তু এরপরই শুরু হয় গোলের নাটক। ৮১ থেকে ৮৯, এই আট মিনিটে হয় ৩ গোল। যার দুটি গোল করে স্পেন, একটি সুইডেন। ৮১ মিনিটে সবাইকে অবাক করে প্রথমে এগিয়ে যায় তুলনামূলকভাবে দুর্বল স্পেনই। দারুণ এক গোল করে স্পেনকে এগিয়ে দেন বদলি হিসেবে নামা সালমা সেলেস্তে প্যারাউয়েলো। নাটক তখনো বাকি। ৮৮ মিনিটে সুইডেনকে সমতায় ফেরান রেবেকা মারিয়া ব্লুমকভিস্ট। তার এই গোলের উত্সব শেষ না হতেই আবার নেচে উঠে স্পেনের মেয়েরা। ৮৯ মিনিটেই আবার স্পেনকে এগিয়ে দেন অধিনায়ক ওলগা কারমোনা গার্সিয়া। যে গোলটি স্পেনকে এনে দিয়েছে জয়, তুলে দিয়েছে প্রথম বারের মতো বিশ্বকাপের ফাইনালে। সুইডেন সাত মিনিট ইনজুরি সময় পেলেও সমতা ফেরাতে পারেনি।

 

ইত্তেফাক/জেডএইচ