আমেরিকার ইংলিশ অ্যাক্সেস মাইক্রো স্কলারশিপ পেয়েছেন ২০০ শিক্ষার্থী

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ২০:৪৫

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট-এর অর্থায়নে পরিচালিত দুই বছরব্যাপী ইংলিশ অ্যাক্সেস মাইক্রো-স্কলারশিপ কার্যক্রমের সুযোগ পেয়েছেন নতুন ব্যাচের ২০০জন শিক্ষার্থী। মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস এই জীবন পরিবর্তনকারী কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের স্থানীয় মাদ্রাসা, পাবলিক ও কারিগরি বিদ্যালয়ের ১০০ তরুণী এবং ১০০ যুবককে অভিনন্দন জানিয়েছেন।

এই প্রোগ্রামে সুযোগ পাওয়া শিক্ষার্থীরা তাদের ইংরেজি ভাষা, বিশ্লেষণী চিন্তার সামর্থ্য এবং নেতৃত্বের দক্ষতা উন্নয়নের সুযোগ পাবে। রাষ্ট্রদূত হাস এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য মার্কিন দূতাবাসের সঙ্গে অংশীদারিত্ব করার জন্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সেন্টার এবং জিইআইএসটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনকেও ধন্যবাদ জানান।

ইংলিশ অ্যাক্সেস মাইক্রো-স্কলারশিপ কার্যক্রমটি দুই বছরের নিবিড় কর্মসূচি যেখানে অংশগ্রহণকারী ১৩ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা নিজেদের ইংরেজি ভাষার দক্ষতা বাড়ানোর পাশাপাশি আমেরিকার সংস্কৃতি সম্পর্কে জানা, বিষয়ভিত্তিক বিশ্লেষণমূলক চিন্তার দক্ষতা ও নেতৃত্বের দক্ষতা উন্নয়নের সুযোগ পায়। ফলে এখানে অংশ নেওয়া আর্থিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষার্থীরা পরবর্তীতে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে তুলনামূলক এগিয়ে যায়।

২০০৪ সালে শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৫০০এর বেশি বাংলাদেশি শিক্ষার্থী এই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এবং বিশ্বের ৮৫টি দেশে এই কার্যক্রমের অধীনে ১ লাখের বেশি প্রাক্তন শিক্ষার্থী আছেন।

কার্যক্রমটি যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে আমেরিকা ও বাংলাদেশের জনগণের সম্পর্ক জোরদার ও দুইদেশের মধ্যে শিক্ষা ক্ষেত্রে সংযোগ বৃদ্ধির পাশাপাশি স্থানীয় শিক্ষার গুণগতমান বাড়ানো ও উদ্ভাবনী শিক্ষার সুযোগ তৈরির মধ্য দিয়ে বাংলাদেশি তরুণদের ক্ষমতায়ন করার অনেক প্রচেষ্টার মধ্যে একটি।

ইত্তেফাক/এসএটি/এবি