বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। বুধ ও মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
চট্টগ্রাম: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় জিহাদুল ইসলাম নামের এক যুবক মারা গেছে। গতকাল বুধবার নগরীর বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী জানান, যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে অটোরিকশা ও মোটরসাইকেল আরোহী তিন যুবক গুরুতর আহত হয়। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিহাদুল ইসলাম মারা যায়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক এ তথ্য জানান। জিহাদ চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের কেশুয়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
চরভদ্রাসন (ফরিদপুর): চরভদ্রাসনে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বালুবাহী ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অপর একজন। দুর্ঘটনায় মোটরসাইকেল থেকে পরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রম্নবেল মণ্ডল (২৮) মারা যান। আর আহত হন তার সঙ্গে থাকা সোহান মণ্ডল (২২)। দুর্ঘটনার পর ট্রাকটরটি নিয়ে চালক পালিয়ে যায়। উপজেলার সদর ইউনিয়নের আব্দুল মজিদ খার ডাঙ্গী সর্দার বাড়ি সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সোহান মটর সাইকেল চালিয়ে চরভদ্রাসন যাচ্ছিল। রম্নবেল তার পিছনে বসাছিল। বালু বোঝাই করে মাহিন্দ্রটি সর্দার বাড়ীর দিকে আসছিল। ব্রিজের কাছাকাছি পৌঁছালে হঠাৎ একটি শব্দ হয়। পরে স্থানীয়রা এগিয়ে গেলে দেখতে পায় মাহিন্দ্রের পেছনের বড় চাকাটি তার কোমড় বরাবর উঠে গেছে। এ সময় চালক মাহিন্দ্রটি নিয়ে দ্রম্নত পালিয়ে যায়। পরে রম্নবেলকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
চরভদ্রাসন থানার ওসি মো. সেলিম রেজা বলেন, নিহতের পরিবার থেকে কোনো আইনগত ব্যবস্থা নেবে না বলে জানিয়েছে। ট্রাক্টরটি আটক করা সম্ভব হয়নি।
পাইকগাছা (খুলনা): পাইকগাছায় মঙ্গলবার বিকালে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত হলো উপজেলার সরল টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র কংকন মণ্ডল (১৩)। বিকালে গদাইপুর সাঈদের মিলের সামনে বাইসাইকেল এবং খুলনা থেকে ছেড়ে আসা বাসের মুখোমুখি সংঘর্ষে কংকনের মৃত্যু হয়। সে উপজেলার সরল ৫নং ওয়ার্ডের শ্যামল মণ্ডলের ছেলে।
পাইকগাছা থানার এসআই অহিদুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনা ঘটেছে বিকালে থানায় খবর পেয়েছি সন্ধ্যায়, সে কারণে ঐ বাস স্টান্ডে চলে যাওয়ায় এবং কোনো অভিযোগ না থাকায় আটক করতে পারিনি। তবে গাড়িটার ব্যাপারে দেখা হচ্ছে।
