বিয়ে ঠিক হওয়ায় সাবেক স্ত্রীকে ‘এসিড নিক্ষেপ’

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১১:২১

মাদারীপুরের শিবচরে বিয়ে ঠিক হওয়ায় ক্ষিপ্ত সাবেক স্বামীর এসিড নিক্ষেপে এক নারী দগ্ধ হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৬ আগস্ট) রাতে উপজেলার মাদবরচর ইউনিয়নের এ ঘটনায় ওই নারীকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

অভিযুক্ত সুমন শিকদার (২৬) একই উন্নয়নের সিরাজ শিকদারের ছেলে ও পেশায় স্পিডবোট চালক।

ভুক্তভোগীর পরিবারের বরাতে শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, স্পিডবোট চালক সুমন শিকদারের সঙ্গে একই ইউনিয়নের লিটু হাওলাদারের মেয়ে সাদিয়া আক্তারের  প্রেমের সম্পর্কে চার বছর আগে বিয়ে হয়। এই দম্পতির ঘরে এক কন্যা সন্তানও রয়েছে। সংসার জীবনের শুরু থেকেই সুমন মাদকসেবী হওয়ার কারণে সংসারে অশান্তি লেগেই ছিল। এর জেরে ধরে সম্প্রতি তাদের তালাক হয়ে যায়। কিন্তু তালাক হওয়ার পরও মাদকাসক্ত সুমন দফায় দফায় সাদিয়ার বাবার বাড়িতে হামলা চালায়। এ নিয়ে সাদিয়া থানায় অভিযোগ করে। 

এদিকে আগামী সপ্তাহে অন্যত্র বিয়ে হওয়ার কথা ছিল সাদিয়ার। এ্  সুমন খুব ক্ষিপ্ত হয়ে বুধবার রাত ১০টার দিকে কয়েকজনকে সঙ্গে নিয়ে সাদিয়ার গায়ে  এসিড নিক্ষেপ করে। এতে সাদিয়ার মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে যায়। পরবর্তীতে স্বজনরা সাদিয়াকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকার মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আশিকুর রহমান জানান, আক্রান্ত নারীর মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে। পোড়ার ধরন দেখে এসিড মনে হয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/আরএজে