শাহজালালে অজ্ঞান পার্টির সদস্য গ্রেপ্তার

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১২:১৩

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার (১৬ আগস্ট) রাতে অজ্ঞান পার্টির সক্রিয় এক সদস্যকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

আটক মো. মামুন (৩১) কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক জানান, আটক হওয়ার সময় নিজেকে যাত্রী দাবি করছিলেন মামুন। এ সময় যাত্রীর মত ব্যাগ বহন করতে দেখা যায় তাকে। কিন্তু বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর নিজের অপকর্মের কথা স্বীকার করতে বাধ্য হয় মামুন। এছাড়া অজিত  ও ইয়াসিন আরাফাত নামে দুই যাত্রীকে তিনি নিজে অজ্ঞান করে মালামাল নিয়ে সটকে পড়েছে বলে স্বীকার করেছেন।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ সুপার।

এয়ারপোর্ট এপিবিএন জানায়, ৬  ও  ১৩ আগস্ট অজ্ঞান পার্টির দুইটি অভিযোগ পাওয়া যায়। দুইটি অভিযোগেই একই ধরনের লক্ষ্য করা যায়। ৫ আগস্ট দুবাই থেকে আগত অজিত সরকারের সঙ্গে যাত্রীবেশী মামুনের পরিচয় হয়। কৌশলে প্রতারক মামুনের গন্তব্য জেনে নেয়। এরপর নিজেও একদিকে যাবেন বলে এক সঙ্গে যাওয়ার প্রস্তাব দেন অভিযুক্ত মামুন। আস্থা অর্জন করে যাত্রী অজিত সরকারকে জুস পান করান এবং ভুক্তভোগী জ্ঞান হারান। জ্ঞান ফিরে পাওয়ার পর তিনি বুঝতে পারেন অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সকল মালামাল হারিয়েছেন। ১৩ আগস্ট আরও এক প্রবাসীর অভিযোগ পায় এয়ারপোর্ট এপিবিএন। যাত্রী ইয়াসিন আরাফাত ৮ আগস্ট দোহা থেকে ঢাকা ফেরার পর অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। এ সকল অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে এয়ারপোর্ট এপিবিএন। পরে তদন্তে করে অভিযুক্ত মামুনকে অজ্ঞান পার্টির সদস্য হিসেবে শনাক্ত করে গ্রেপ্তার করে এপিবিএনের অপারেশন টিম।  

ইত্তেফাক/আরএজে