জাবির সঙ্গে টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের সমঝোতা স্মারক

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৯:৩২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সঙ্গে জাপানের টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।

জানা যায়, চুক্তির আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা দ্বি-পাক্ষিক শিক্ষা, গবেষণা-প্রকাশনা এবং সেমিনারের মতো কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পাবেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার এবং টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের পক্ষে অধ্যাপক মাসাহিকো তোগাওয়া সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন।

এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ, প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মাসউদ ইমরান, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রঞ্জন সাহা পার্থ প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/পিও