ক্লাস চলাকালে শ্রেণিকক্ষে বসে টিকটক করায় ৪ শিক্ষার্থী বহিষ্কার

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ২১:৩৮

মাদারীপুরের কালকিনিতে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষে বসে টিকটক ভিডিও করার কারণে ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (১৬ আগস্ট) উপজেলার কালিনগর ফাসিয়াতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এমন ঘটনা ঘটে।

জানা গেছে, কালীনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির চার ছাত্রী তাদের ক্লাস চলাকালে আরেক কক্ষে বসে টিকটক তৈরি করে তা ফেসবুকে পোস্ট করে। এটি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। এ ঘটনায় টিকটককারী ওই ৪ শিক্ষার্থীকে নিয়ে এলাকার বিভিন্ন মহলে সমালোচনা সৃষ্টি হয়। এ বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের চরম বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাফ হোসেন কিরণ অভিযুক্ত ওই ৪ শিক্ষার্থীকে ডেকে তাদের শাস্তি হিসেবে বিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সদস্য হাফিজুর রহমান মিলন বলেন, আমি একজন অভিভাবক হিসেবে বলতে চাই, বিদ্যালয়ে বসে তারা অন্যায় কাজ করেছে তাই শাস্তি হয়েছে। আগামীতে কোনো শিক্ষার্থী এভাবে অন্যায় অপরাধ করলে কোনো প্রকার ছাড় পাবে না।

কালীনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাফ হোসেন কিরণ বলেন, স্কুল হচ্ছে পড়ালেখা শেখার জায়গা, এটা কোনো টিকটক করার জায়গা নই। অভিযুক্ত ৪ ছাত্রীকে শাস্তি দেওয়া হয়েছে। যাতে তাদের মতো আর কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে এসে এসব করার সাহস না পায়।

ইত্তেফাক/এবি