ভারতে জালিয়াতি ঠেকাতে মোবাইল নেটওয়ার্ক অপারেটিং সিম ডিলারদের পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। বৃহস্পতিবার নরেন্দ্র মোদি সরকারের টেলিকম মন্ত্রী এই ঘোষণা করেন। খবর হিন্দুস্তান টাইমসের।
ভারতের কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি ব্রিফিংয়ে ঘোষণা করেছেন, ‘এখন থেকে নতুন ডিলারদের (মোবাইল সিম কার্ডের) জন্য পুলিশ ভেরিফিকেশন এবং বায়োমেট্রিক ভেরিফিকেশন করা বাধ্যতামূলক। পাশাপাশি সমস্ত পয়েন্ট-অব-সেল ডিলারদের জন্যও নিবন্ধন বাধ্যতামূলক। নিময় লঙ্ঘনকারীদের গুনতে হবে ১০ লক্ষ রুপি জরিমানা।’
মন্ত্রী বলেছেন, সঞ্চার সাথী পোর্টাল চালু হওয়ার পর থেকে সরকার জালিয়াতি করে প্রাপ্ত ৫২ লাখ সংযোগ শনাক্ত করে সেগুলো নিষ্ক্রিয় করেছে। সরকার মোবাইল সিম কার্ড বিক্রির সঙ্গে জড়িত ৬৭ হাজার ডিলারকে কালো তালিকাভুক্ত করেছে। ইতোমধ্যে ২০২৩ সালের মে থেকে ৩০০ সিম কার্ড ডিলারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেছেন, আগে লোকেরা প্রচুর পরিমাণে (মোবাইল) সিম কার্ড কিনতেন। এর জন্য সিম কার্ড বাল্কে কেনার ব্যবস্থা ছিল। তবে এ নিয়ম বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবর্তে, আমরা একটি সঠিক ব্যবসায়িক সংযোগের বিধান আনব যার মাধ্যমে প্রতারণামূলক কল করা বন্ধ হবে।
ভারতে বর্তমানে ১০ লক্ষ সিম ডিলার রয়েছে এবং তাদের পুলিশ ভেরিফিকেশনের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হবে। টেলিযোগাযোগ বিভাগ বাল্ক সংযোগের বিধানও বন্ধ করেছে এবং এর পরিবর্তে ব্যবসায়িক সংযোগের একটি নতুন ধারণা চালু করা হবে। এছাড়া, ব্যবসার কেওয়াইসি এবং সিম হস্তান্তরকারী ব্যক্তির কেওয়াইসিও করা হবে।
