আটলান্টিকে অভিবাসী নৌকা উদ্ধার, ৬০ জনের মৃত্যুর আশঙ্কা

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ২২:৫৫

উত্তর আটলান্টিকে অবস্থিত পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে উপকূল থেকে অভিবাসী বহনকারী একটি নৌকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া নৌকা থেকে ৬০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

নৌকা থেকে শিশুসহ আটত্রিশ জনকে উদ্ধার করা হয়েছে। এক মাসের বেশি সময় ধরে সমুদ্রে ভাসতে থাকা নৌকার প্রায় সবাই সেনেগাল থেকে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কেপ ভার্দে কর্মকর্তারা প্রাণহানি রোধে অভিবাসনের বিষয়ে বিশ্বব্যাপী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর একজন মুখপাত্র জানিয়েছেন, জীবিতদের মধ্যে ১২ থেকে ১৬ বছর বয়সী চার শিশু রয়েছে।

পুলিশ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, সোমবার নৌকাটিকে প্রথম দেখা যায়। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছিল, নৌকাটি ডুবে গেছে। কিন্তু পরে বলা হয় এটি ভেসে যাচ্ছে।

সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার বেঁচে যাওয়াদের উদ্ধৃত করে বলেছে, ১০ জুলাই ১০১ জনকে নিয়ে নৌকাটি সেনেগালের মাছ ধরার গ্রাম ফাস বয়ে থেকে যাত্রা করেছে।

গ্রামের একজন জনপ্রতিনিধি মোদা সাম্ব এএফপিকে জানিয়েছেন, নৌকায় থাকা প্রায় সবাই সম্প্রদায়ের মধ্যে বেড়ে উঠেছেন। কিছু স্থানীয় পরিবার এখনও তাদের আত্মীয়রা বেঁচে আছেন কিনা তা জানার জন্য অধীর আগ্রহে বসে আছেন।

মন্ত্রণালয় বলেছে, সেনেগালের নাগরিকদের প্রত্যাবাসনের ব্যবস্থা করার জন্য কেপ ভার্দে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

ইত্তেফাক/এসএটি