ট্রাম্পের মামলার বিচারককে হত্যার হুমকি, নারী আটক

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০৪:১৪

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলমান মামলার বিচারককে হত্যার হুমকি দেওয়ায় গ্রেফতার হয়েছেন তার এক নারী সমর্থক।  ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে যে বিচার চলছে সেই বিচারকে সাজানো এবং বানোয়াট উল্লেখ করে ঐ নারী দাবি করেছিলেন যে প্রতিহিংসা থেকে ট্রাম্পের বিরুদ্ধে এই  মামলা করা হয়েছে। ঐ নারীর নাম আবিগেইল জো শেরাই। তার বাড়ি টেক্সাসে।

জানা গেছে, গত ৫ আগস্ট তিনি ওয়াশিংটন ডিসির ডিস্ট্রিক্ট জজ তানিয়া চুটকানের ফোনে একটি ভয়েস মেইল পাঠান। ভয়েস মেইলেও ঐ নারী কৃষ্ণাঙ্গ বিচারক তানিয়াকে বর্ণবাদী নানা কটুক্তি করেন। এরপর তিনি বলেন, আমরা তোমার ওপর নজর রাখছি। আমরা তোমাকে হত্যা করব। তিনি আরো বলেন, কেবল বিচারকরা নয়, যে বা যারাই ট্রাম্পের পথের কাঁটা হবে, তাদেরকেই কঠোর পরিণতি ভোগ করতে হবে। তিনি বেশ কয়েক জন কংগ্রেসম্যানকে উদ্দেশ করেও হুমকি দেন।

ঐ নারী তার বার্তায় বিচারকের প্রতি আরো বলেন, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে যদি ট্রাম্প নির্বাচিত না হতে পারেন তবে আপনি বাঁচতে পারবেন না। তাই ট্রাম্পের বিরুদ্ধে বিচার বুঝেশুনে করবেন। আমরা আপনাকে শুধু নয়, আপনার পরিবারের সদস্যদেরও হামলার টার্গেট করব।

ধারণা করা হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে যে মামলাগুলো চলছে তাতে তাকে কারাগারে যেতেই হবে। এসব মামলায় তার সাজা নিশ্চিত। কিন্তু তার সমর্থকরা দাবি করছে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তার বিরুদ্ধে এসব বানোয়াট মামলা দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এএইচপি