মুন্সীগঞ্জ ও সাতক্ষীরায় মোটসাইকেল দুর্ঘটনায় দু’জন নিহত ও দু’জন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ আগস্ট) সকালে ছেলে নিয়ে মাওয়ায় বেড়াতে যাওয়ার সময় মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী এবং সাতক্ষীরার তালার ত্রিশমাইল এলাকায় একইভাবে এক যুবক নিহত হন।
নিহতরা হলেন মুন্সীগঞ্জের কেরাণীগঞ্জের তেঁগরিয়ার বনগাঁও এলাকার বাসিন্দা আমির হোসেন (৪০) ও সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের মাঝিয়াড়া গ্রামের আবু জাফর মোড়লের একমাত্র ছেলে মাহমুদুল ইসলাম (৩৫)।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, সকাল পৌনে ১১টার দিকে বনগাঁও এলাকার বাসিন্দা আমির হোসেন তার কিশোর ছেলেকে নিয়ে ছুটির দিন মাওয়ায় বেড়াতে যাচ্ছিলেন। পথে শ্রীনগর উপজেলার ছনবাড়ির কাছে পৌঁছলে মাওয়াগামী একটি বাস ধাক্কা তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে বাবা-ছেলে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আমির হোসেনকে মৃত ঘোষণা করে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহমুদ হোসেন জানান, মাহমুদুল ইসলাম ভাড়ায় চালিত মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে। শুক্রবার সকালে তালা হতে দুজন যাত্রী নিয়ে একজনকে পাটকেলঘাটায় নামিয়ে দিয়ে অপরজনকে সাতক্ষীরাতে নিয়ে যাচ্ছিল। এ সময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলেই মাহমুদুল নিহত হন। এসময় মোটরসাইকেলে থাকা যাত্রী সেফা গাজী গুরুতর আহত হন।
