‘মশা নিধনে বিটিআই আমদানিতে জালিয়াতি হলে ব্যবস্থা’

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ২০:৩২

মশা নিধনে বিটিআই পাউডার আমদানি নিয়ে জালিয়াতি প্রমাণ পাওয়া গেলে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা। তিনি বলেন, ‘ইতিমধ্যে বিভিন্ন অভিযোগের তথ্যের ভিত্তিতে বিটিআই পাউডার আমদানিকারক প্রতিষ্ঠান মার্শাল এগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।’ 

গতকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) এটিএন বাংলার প্রধান কার্যালয়ে ডিবেট ফর ডেমেক্রেসির আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনারে এ কথা বলেন তিনি। 

সচেতনতামূলক এই সেমিনারে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু। 

সভাপতির বক্তব্যে হাসান আহমেদ কিরন বলেন, ‘বিদেশ থেকে আমদানি করা মশা নিধনের জন্য বিটিআই পাউডার মানসম্পন্ন কিনা, রপ্তানিকারক প্রতিষ্ঠান কারা, সঠিক প্রতিষ্ঠান থেকে গুণগত ঔষধ আমদানি করা হয়েছে কিনা তা যাচাই-বাছাই করার পূর্বে ব্যবহার সঠিক হয়নি। মশা মারার জন্য সিঙ্গাপুর থেকে ওষুধ আনা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তার অবসান হওয়া উচিত।’

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এটিএন বাংলার এডিশনাল চিফ তাশিক আহমেদ ও মোহাম্মদপুর কাঁচাবাজার বণিক সমিতির সভাপতি মো. লুৎফর রহমান বাবুল।

ইত্তেফাক/এএএম