চলে গেলেন কাউখালী জেপি’র সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ২০:১৩

পিরোজপুরের কাউখালী উপজেলা জাতীয় পার্টির-জেপি সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম তালুকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)। শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে উত্তর বাজারস্থ নিজ বাসভবনে তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ তিনি অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘ দিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন।

শুক্রবার বাদ আছর কাউখালী উত্তর বাজার বায়তুন নাজাত জামে মসজিদ এর সামনে এবং কচুয়াকাঠী গ্রামের বাড়ি দ্বিতীয়  জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

শাহ আলম তালুকদার কাউখালী উপজেলা জাতীয় পার্টি জেপি’র কাউখালী শাখার সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তিনি ৮০’র দশকে  কাউখালীর ঐতিহ্যবাহীবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর শোক প্রকাশ

কাউখালী উপজেলা জাতীয় পার্টির (জেপি) সাবেক সাধারণ সম্পাদক মো.শাহ আলম তালুকদারের মৃত্যুতে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক ও পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক পৃথক শোক বার্তায় তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ ছাড়া মরহুমের আত্মার শান্তি কামনা করে পৃথকভাবে শোক প্রকাশ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেপির সভাপতি আবু সাঈদ মিঞা মনু, সাধারণ সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, উপজেলা সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আহসান কবীরসহ বিভিন্ন রাজনৈতিক, জনপ্রতিনিধি, সামাজিক, শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

ইত্তেফাক/এবি