যুদ্ধাপরাধী মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস ও মন্তব্য করায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের ৬ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা শাখা বরাবর সুপারিশ করা হয়।
শুক্রবার (১৯ আগস্ট) কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আজাদ হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক মাসুম শেখ সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে ৬ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়।
কাশিয়ানী ছাত্রলীগের বহিষ্কার হওয়া নেতারা হলেন কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোস্তাফিজুর রহমান ও হাবিবুর রহমান রানা, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান ও ইমন সরদার, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের উপ-সমাজসেবাবিষয়ক সম্পাদক সোহাগ শরিফ এবং ১৪ নম্বর নিজামকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সোহাগ মোল্লা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আজাদ হোসেন মৃধা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এই সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করার সুযোগ নেই। নীতি আদর্শ পরিপন্থী কাজের জন্য তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।
