‘আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে’

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১৮:৪০

আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।

শনিবার (১৯ আগস্ট) সকালে মিরসরাইয়ের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিশ্বের গণতান্ত্রিক প্রতিটি রাষ্ট্রে বর্তমান সরকার ক্ষমতায় থেকে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হয়। নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের নাম দিয়ে আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। যা ভিয়েনা কনভেনশন পরিপন্থী।

দিলীপ বড়ুয়া বলেন, বিশ্বের ক্ষমতা এখন একটি রাষ্ট্রের কাছে নেই। বিশ্ব ক্ষমতা এখন ভাগ হয়ে গেছে। চীন বর্তমান সরকারের কর্মকাণ্ডে খুশি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে চীন সেটার প্রশংসা করেছে। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। বাংলাদেশ চাইলে চীন সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছে। 

তিনি আরও বলেন, ‘দেশের উন্নয়নের স্থিতিশীলতার জন্য বর্তমান সরকারের ধারাবাহিকতা প্রয়োজন দাবি করে সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য স্থিতিশীল রাষ্ট্র প্রয়োজন। স্থিতিশীল সরকারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন। তার মতো ম্যানেজ্যাবল লিডার এশিয়াতে বর্তমানে নেই। বাংলাদেশে বর্তমানে দু’টি প্রধান সমস্যা হলো তিস্তা ব্যারেজ ও গঙ্গা পানি চুক্তি। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোট ক্ষমতায় না আসলে এগুলো বাস্তবায়ন সম্ভব হবে না। বিএনপি ক্ষমতায় আসলে বান্ডেল সংকট দেখা দিবে। যেটি বিএনপি সমাধান করতে পারবে না।’

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের পক্ষ থেকে একটি মাত্র আসনে সাম্যবাদী দল অংশ নিবে জানিয়ে তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ১৪ দলীয় জোটের পক্ষ থেকে আমি মনোনয়ন চাইবো। আশাকরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবেন।

সাম্যবাদী দল মিরসরাই উপজেলা শাখার আহবায়ক সালে আহম্মেদ মাষ্টারের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত বড়ুয়ার উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক তৃপ্তি রানী বড়ুয়া, বিজয় বড়ুয়া, মো. দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট দীর্ঘতম বড়ুয়া, ইউপি সদস্য রনজিত বড়ুয়া, মো. জামশেদ আলম, মো. শাহাব উদ্দিন, মো. বেলাল উদ্দিন, নুরুল আলম, সাইফন দত্ত, ডা. সুবোধ বড়ুয়া ও চিরজিৎ বড়ুয়া।

ইত্তেফাক/পিও