নারীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগে যুব মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১৯:২৮

সাভারে নারীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করা ও নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগে ঢাকা জেলা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহনাজ মিশুকে আটক করেছে পুলিশ। 

শনিবার (১৯ আগস্ট) দুপুরে সাভারের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। এর আগে সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে ওই নেত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন।

পুলিশ জানায়, মেহনাজ মিশুর বিরুদ্ধে এক নারীকে বিবস্ত্র করে ছবি তোলা, অনৈতিক কাজে বাধ্য করা ও নেশা দ্রব্য খাইয়ে ৫ তলার ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী গুরুতর আহত হয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারওয়ার বলেন, মেহনাজ মিশু যুব মহিলা লীগের কেউ নয়। তিনি আমার স্বাক্ষর নকল করে ঢাকা জেলা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিচয় দিতেন। তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।

সাভার মডেল থানার পরিদর্শক (অপরেশন) নয়ন কারকুন বলেন, আটক মেহনাজ মিশুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ও হত্যা চেষ্টার মামলা করে আদালতে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/এবি